মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কম্বলপাড়া এলাকা থেকে বুধবার সকালে সেফটিক ট্যাংকের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত ব্যক্তির নাম সেতু আক্তার (২০)। তিনি কালিয়াকৈর উপজেলার কম্বল পাড়া এলাকার রাসেলের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সেতু আক্তারকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে রক্তের দাগের সূত্র ধরে সেফটিক ট্যাংকের ভেতরে সেতুর লাশটি পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এবং এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর সঠিক তথ্য জানা যাবে। তবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।