মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ফুল কুমার চন্দ্র দাস নামে এক যুবককের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সফিপুর নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, সুনামগঞ্জ জেলার ধর্মবাশা থানার ষোলাইকুন্ঠ বাড়ি এলাকার কালা চাঁন চন্দ্র দাসের ছেলে ফুল কুমার চন্দ্র দাস (২৪)। সে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় লিটনের বাসায় ভাড়া থেকে মাছ বিক্রি করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ধর্মবাশা উপজেলা থেকে বেশ কিছুদিন আগে কাজের সন্ধানে উপজেলার সফিপুর এলাকার নিশ্চিন্তপুর লিটনের বাসায় ভাড়া থেকে ফুল কুমার দাস বিভিন্ন এলাকায় মাছের ব্যবসা করতেন ও তার স্ত্রী স্থানীয় কারখানায় চাকরি করতেন।
সংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই সূত্র ধরে সোমবার দুপুরে ঘরের আড়ের সাথে ফাঁস দেয়।
বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় তার ভাই সুকুমার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার (এসআই) নাজিম উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।