মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে মাটি ব্যবসায়ী মিজানুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার পরিবার।
রবিবার সকালে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াজ উদ্দিন, তাইজুদ্দিন, অন্তরা বেগম, তাহমিনা আক্তার, আলিয়া বেগম, মিনি আক্তার, রজব আলী, আজহার মিয়া, সোহাগ হোসেন, সাব্বির মিয়াসহ এলাকার বিভিন্ন লোকজন।
বক্তারা বলেন মিজানকে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক।
উল্লেখ্য ২৪মার্চ শুক্রবার বিকেলে উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার মাটি ব্যবসায়ী মিজানুর রহমানকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় আড়াইগঞ্জ বাজারে তাকে আব্দুল লতিফ, আলিম মিয়া, খোকন মিয়া, শরীফ হোসেন, জসীম উদ্দীন, ফরিদুল ইসলামসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রড, লাঠি, দা দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ততক্ষণে তাকে হত্যার হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করলে সেখানে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনার দিন রাতেই নিহতের স্ত্রী অন্তরা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তরা। এদিকে পুলিশ দোষিদের গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছে।
মানববন্ধনে নিহতের স্ত্রী অন্তরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন যারা আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসী চাই।