মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষার্থী।
নিখোঁজ শিক্ষার্থী হলেন, সাভার ব্যাংক কলোনি এলাকার শাহ আলমের ছেলে সিয়াম হোসেন (১৬)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিয়াম গত রবিবার কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় ফুফুর বাড়ি বেড়াতে আসে। বুধবার দুপুরে চাপাইর ব্রিজের নিচে তুরাগ নদীতে চাচা নজরুল ইসলাম, নাদিম, তাওসিফ, জান্নাতুলের সাথে সিয়াম গোসল করতে নদীতে নামে।
গোসলের একপর্যায়ে সিয়াম পানিতে তলিয়ে যায়। এরপর তাকে খুঁজে না পেয়ে এলাকাবাসি কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী থেকে ডুবুরি দল এসে নদীতে উদ্ধার কাজ করছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহমান বিশ্বাস জানান, এখনো ওই স্কুল ছাত্র সিয়ামকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য কাজ চলছে।