মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় এক নারী পোশাক শ্রমিককে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ড প্রাপ্ত ব্যক্তি হলেন, নওগার ধামুরহাট থানার অর্জুনপুর এলাকার ধায়ের উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৭)।ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, নওগার আত্রাইল থানার মহাদেবপুর এলাকার আ. রাজ্জাকের মেয়ে রিনা আক্তার (২৪) দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে তার মেয়েকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তিনি স্থানীয় নর্দান ক্লোথিং লিমিটেড নামে এক পোশাক কারখানায় কাজ শুরু করেন। এসময় তার সাথে পরিচয় হয় ওই কারখানার শ্রমিক জুয়েল রানার। এরপর থেকে জুয়েল বিভিন্ন সময় তাকে উত্যাক্ত করে আসছিল। পরে বাধ্য হয়ে ইরিনা আক্তার ওই কারখানার কাজ ছেড়ে দিয়ে পাশের ডিভাইন লিমিটেড নামে অপর একটি পোশাক কারখানায় কাজ করে আসছেন।
কিন্তু তার পিছু ছাড়েনি জুয়েল। বিভিন্ন ভাবে জুয়েল ওই নারী পোশাক শ্রমিককে ব্লাকমেইলসহ উত্যাক্ত করে আসছে। গত শনিবার বিকেলে উপজেলার উলুসাড়া এলাকায় তাকে ইভটিজিং কর ছিল জুয়েল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে এবং তাকে থানায় নিয়ে আসে।
পরে রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ইভটিজিং করার বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই যুবক জুয়েলকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী জানান, বিভিন্ন সময় ওই নারীকে উত্যাক্ত করায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ইভটিজিং করায় জুয়েলকে গ্রেফতারের পর ভ্রাম্যমান আদালত তাকে সাজা প্রদান করেন। পরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।