মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামের প্রায় দেড় কিলোমিটার সড়কে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে আবেদন করেও সড়কটি সংস্কার করাতে ব্যর্থ হয় রশিদপুরসহ আরো ৩-৪টি গ্রামের মানুষ।
ফলে প্রতি বর্ষায় এই দেড় কিলোমিটার সড়কে কোনো যানবাহন নিয়ে চলা তো দূরের কথা, পায়ে চলাও দায় হয়ে পড়ে। গ্রামবাসী গত ২০বছর ধরে এই দুর্ভোগ সহ্য করে আসছে বলে অভিযোগ তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, রশিদপুর গ্রামের রশিদপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণ হয়ে স্থানীয় গোপাল মার্কেট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি হাঁটু পর্যন্ত কাঁদা হয়ে পড়েছে। মাঝে মধ্যে গরুর গাড়ি কিংবা ঠেলা গাড়ি গ্রামের স্কুলের পাশে গড়ে ওঠা দোকানের মালামাল বহন করার সময় উল্টে যায়। এই সড়কটি দিয়ে আশপাশের কমপক্ষে ৩-৪টি গ্রামের মানুষ যাতায়াত করে। এই সড়ক দিয়ে সহজে উপজেলা সদরে আসতে পারলেও কাঁদার কারণে সড়কে চলাচল করার অযোগ্য হয়ে পড়ায় গ্রামবাসীদের কয়েক কিলোমিটার ঘুরে মূল সড়কে উঠতে হচ্ছে।
এতে যাতায়াতকারীদের সময় ও খরচ বেড়ে যায়। এই সড়কটি দিয়ে গ্রামবাসী তাদের কাঁচামাল সহজে বহন করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। গ্রামবাসীর জিজ্ঞাসা, কবে হবে এই সড়কের সংস্কার কাজ।
এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রতিনিধিদের জানানোর পরও এই দেড় কিলোমিটার সড়কটি সংস্কার করা হয়নি।
এখন ভরা বর্ষা মৌসুমে সড়কটি খালের মতো হাঁটু পর্যন্ত পানি জমে থাকছে হেঁটে যাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। এই সড়কের আশপাশের দেড় হাজার গ্রামবাসীর বসবাস হলেও এখানে পাঁচটি মসজিদ, ১০-১২টি মুরগির ফার্ম ও মুদি দোকানসহ কৃষকের সবজি বাগান রয়েছে, যা শহরে পরিবহন করতে প্রতিনিয়তই দুর্ভোগে পড়েন তারা।
গোপাল মার্কেটের মুদি দোকানদার ফরহাদ হোসেন, শাহ আলম, আব্দুর রশিদ ও আব্দুল বারেক জানান, এই দেড় কিলোমিটার সড়কটির জন্য আমাদের দোকানের মালামাল বহনে অসহনীয় কষ্ট ভোগ করতে হচ্ছে।
চাপাইর ইউপি সদস্য মতিউর রহমান জানান, গত কয়েক সপ্তাহ আগে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের লোকজন আজগানার মাদ্রাসা থেকে রশিদপুর হাইস্কুল মাঠ পর্যন্ত মাপযোগ করে গেছেন। তবে সরকার এই সড়কের জন্য বরাদ্দ দিলে সংস্কার কাজ করা হবে।