আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ইট ভাটায় গাঁজা চাষ

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের শাহবাজপুর এলাকায় মেসার্স নাসির ব্রিকস নামের এক ইট ভাটায় গাঁজা চাষের অভিযোগ পাওয়া গেছে। মানুষের আনাগোনা কম থাকায় দীর্ঘদিন ধরে গাঁজা গাছের চাষ করে আসছিলেন ওই ইট ভাটার ম্যানেজার ও কর্মচারীরা।

গত বৃহস্পতিবার রাতে কয়েকটি বড় আকারের গাঁজা গাছসহ ভাটার ম্যানেজার ও মিল পার্টিকে আটক করেন এলাকাবাসী। পরে ওই রাতেই ইট ভাটার মালিক নাসির উদ্দিন এলাকার মাতব্বরদের সঙ্গে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করেন।

এলাকাবাসী জানায়, ইটভাটার মৌসুম চালু হলেই ডুবাইল, বেগুনবাড়ি, শাহবাজপুর, উল্লাপাড়াসহ আশপাশের এলাকাগুলো হয়ে ওঠে মাদকের আখড়া। এসব মাদক ব্যবসার সঙ্গে বেশিরভাগই জড়িত থাকে ইটভাটায় কর্মরত শ্রমিকরা। সন্ধ্যা হলেই ভাটা ও আশপাশের নিরিবিলি পরিবেশে শুরু হয় গাঁজাসহ অন্যান্য মাদকের আসর।

বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকায় এসব আসরে মাদক সরবরাহ অনেকটাই বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প হিসেবে মেসার্স নাসির ব্রিকসের ম্যানেজার রবি খান ও মিলের শ্রমিকরা ইট ভাটার ভেতরেই প্রাথমিকভাবে গাঁজা চাষ শুরু করেন।

শুরুতে চারাগুলো ছোট থাকায় এলাকাবাসীর চোখে পড়েনি। গাছগুলো বড় হলে ঘটনাটি এলাকাবাসী ও কিছু মাদক কারবারিদের মধ্যে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন টের পেয়ে গত বৃহস্পতিবার রাতে কয়েকটি গাঁজা গাছসহ ম্যানেজার রবি খান ও মিল পার্টির প্রধানকে আটক করেন। অভিযুক্ত ম্যানেজার রবি খান বলেন, আমি ওই গাঁজা গাছ সম্পর্কে আগে কিছুই জানতাম না। আজকে প্রথম দেখলাম।

এ ব্যপারে ইট ভাটার মালিক নাসির উদ্দিনের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। আমি অসুস্থ আছি। সুস্থ হয়ে আপনার সঙ্গে দেখা করে কথা বলবো।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ শফিক জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ