মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে অটো চালক আজাদকে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
ক্লুলেস এই হত্যাকাণ্ডের তিনদিনের মধ্যে ঘাতককে গ্রেফতার করল র্যাব-১। এরপরই আজাদ হত্যার চাঞ্চল্যকর ও লোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে।
গত ০৫ফেব্রুয়ারি দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈরের গোসাত্রা এলাকার পশ্চিম চকের আফজাল দেওয়ানের সবজি ক্ষেতের কোনায় মাটির ভিটির পাশে অজ্ঞাত ব্যাক্তির গলার কন্ঠ নালি কাটাসহ জবাই এবং পুরুষাঙ্গ ও অন্ডকোষ কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
প্রথমে নাম পরিচয় না পাওয়া গেলেও পরবর্তীতে জানা যায়, নিহত ব্যক্তির নাম আজাদ(১৬), পিতা-মোঃ হালিম মিয়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা। নিহতের ভাই লাশটিকে তার ভাই আজাদ(১৬)এর লাশ হিসেবে সনাক্ত করেন।
লাশ উদ্ধারের সময় পুলিশ নিহতের মাথার নিচে একটি স্টীলের রক্তমাখা ধারালো চাকু উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এর প্রেক্ষিতে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের রহস্য এবং প্রকৃত ঘটনা উম্মোচনের জন্য র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।
অনুসন্ধানের ভিত্তিতে, বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় র্যাব-১, গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরিণহাটি এলাকায় অভিযান পরিচালনা করে
আত্মগোপনে থাকা হত্যাকারী মোঃ নাহিদ হোসেন (২২), পিতা-আতাউর মন্ডল, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল, বর্তমান ঠিকানা- থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করে।
এ সময় হত্যাকারির কাছ থেকে নিহত আজাদ (১৬) এর ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন, তার দেওয়া তথ্যমতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরিণহাটি (এপেক্সরোড) এলাকা হতে ফেদু মাতাব্বর কলোনী এন্ড টাওয়ার এর নীচ তলার গ্যারেজে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত অটোরিক্সা এবং নগদ ৩,৫৮০/- টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত আজাদ(১৬)’কে হত্যার কথা স্বীকার করে এবং এই চাঞ্চল্যকর হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে মোঃ নাহিদ হোসেন বলে,
এখন থেকে আনুমানিক ২ বছর পূর্বে নাহিদ গাজীপুরের কালিয়াকৈর হরিণহাটি এলাকায় আসে এবং ভ্যান গাড়িতে করে কাঁচা তরকারির ব্যবসা শুরু করে।
উল্লেখ্য যে, একই এলাকায় ভিকটিম আজাদ(১৬) অটোরিক্সা চালাতো এবং আজাদ(১৬) এর সাথে অভিযুুক্ত মোঃ নাহিদ হোসেন(২২) এর কাঁচা তরকারী আনা/নেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিচয় হয় এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।
পরবর্তীতে কাঁচা তরকারির ব্যবসা বাদ দিয়ে আসামী নাহিদও একটি অটোরিক্সা ক্রয় করে। এরপর অভিযুুক্ত মোঃ নাহিদ হোসেন (২২) গত ০৩ জানুয়ারি ২০২৩ তারিখে অটোরিক্সার ব্যাটারী ক্রয়ের জন্য তার বাড়ির পাশের জেলা
মানিকগঞ্জ জেলার আমতলীর আলোর প্রত্যাশা সমবায় সমিতি থেকে নিজ নামে মাসিক ৫০০০/-টাকা হারে ১২টি কিস্তিতে ৫০,০০০/-টাকা লোন নেয়। পরবর্তীতে গাজীপুরের ফিরে এসে উক্ত টাকা দিয়ে ব্যাটারী কেনার জন্য ব্যাটারীর দোকানে যাওয়ার পথে আজাদ (১৬) এর সাথে দেখা হলে আজাদ (১৬) অভিযুুক্তকে তার গাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করে।
তারা আজাদ (১৬) এর অটোরিক্সায় সফিপুর থেকে আনসার একাডেমী হয়ে নির্জন জায়গায় জঙ্গলের মাঝখানের রাস্তায় পৌছালে আজাদ (১৬) প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গাড়ী থামায়।
গাড়ী থামার সাথে সাথে ২জন অপরিচিত লোক ভয়ভীতি প্রদর্শন করে নাহিদ হোসেন(২২) এর সাথে থাকা ৫০,০০০/- টাকা ছিনিয়ে নেয়। এই ছিনতাই এর ঘটনায় অভিযুুক্ত নাহিদ হোসেন (২২) মনে মনে আজাদ (১৬) এর সংশ্লিষ্টতার সন্দেহ করে এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।
এই পরিকল্পনার অংশ হিসেবে গত ০৪ফেব্রুয়ারি ২০২৩ আনুমানিক ৪ ঘটিকায় অভিযুুক্ত মোঃ নাহিদ হোসেন(২২) ভিকটিমকে ফোন দিয়ে কাঁচা তরকারি পরিবহনের জন্য ডাকে এবং সফিপুর বাজারের ফুটপাত থেকে ৩০টাকা দিয়ে একটি চাকু ক্রয় করে পকেটে লুকিয়ে রাখে।
ভিকটিমের অটোতে করে কাঁচা তরকারি আনার জন্য রওয়ানা হয়ে কালিয়াকৈর থানাধীন গোসাত্রা পাড় হয়ে চান্দাবহ কবর স্থানের মোড়ে আসলে অটোটি থামাতে বললে আজাদ (১৬) অটোটি থামায়।
অটো রেখে পায়ে হেটে আজাদ (১৬)’কে কাঁচা তরকারি আনার কথা বলে কৌশলে মাঠের (চকের) মধ্যে অন্ধকারে নিয়ে যায়। এক পর্যায়ে অভিযুুক্ত নাহিদ হোসেন (২২) ভিকটিম আজাদ(১৬)’কে গলা টিপে ধরে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যা করে।
মৃত্যু নিশ্চিত করার জন্য তার সঙ্গে নিয়ে আসা চাকু দিয়ে জবাই করার পরেও তার (আসামীর) সন্দেহ হওয়ায় মৃত্যু নিশ্চিত করার জন্য ভিকটিম আজাদ (১৬) এর পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে দেহ হতে বিছিন্ন অবস্থায় ফেলে অটোটি নিয়ে পালিয়ে আসে এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি ঘটনাস্থলে ফেলে আসে।
উক্ত ছিনতাইকৃত অটোটি কালিয়াকৈর থানাধীন হরিণহাটি (এপেক্স রোড) এলাকা হতে ফেদু মাতাব্বর কলোনী এন্ড টাওয়ার এর নীচ তলার অটো গ্যারেজে নিজের অটো বলে রেখে দেয়।
এরপর থেকে অভিযুুক্ত নাহিদ হোসেন (২২) আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে কালিয়াকৈর হরিণহাটি এলাকায় অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অটোরিকশাটি হরিণহাটি (এপেক্স রোড) এলাকা হতে ফেদু মাতাব্বর কলোনী এন্ড টাওয়ার এর নীচ তলার অটো গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এব্যপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রিকশাচালক আজাদের হত্যাকারী নাহিদকে র্যাব-১ কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে।