মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত উলঙ্গ লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
আজ শনিবার সন্ধায় উপজেলার লতিফপুর এলাকার ভেলকাবিল থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার বিকেলে শাওন ও ইয়াছিন নামে স্থানীয় দুই কিশোর উপজেলার লতিফপুর এলাকার ভেলকাবিলে পাখি শিকার করতে যায়।
এসময় তারা ভেলকাবিলে অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের অর্ধগলিত উলঙ্গ লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার এসআই জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খয়েরি রঙের জ্যাকেট পরিহিত অর্ধগলিত লাশটি উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়।
অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর ভেলকাবিলে তার লাশ ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত রহস্য যানা যাবে।