মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সোহরাফ আকন্দ ও জেলি আক্তার নামে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খাড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সকালে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা সোহরাফ আকন্দ(২৪) ও জেলি আক্তার(২২) নামে দুই ব্যক্তি সিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে এলাকাবাসী লাশ দুটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। নিহত ওই দুই ব্যক্তির সম্পূর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি।
সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে ।