মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২২টি কক্ষ ও ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিণহাটি এলাকার একটি কলোনি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের কক্ষ ও দোকানে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আগুনের তীব্রতা বেড়ে পাশের আমিনুল ইসলাম ও রাসেল আহমেদের কলোনি এবং মন্ডল মার্কেটে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে কলোনির বাসিন্দারা দ্রুত ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অধিকাংশ পরিবার ও দোকান মালিক প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার টানা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে বসতঘরের আসবাবপত্র ও দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং তাদের মধ্যে জরুরি খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার রায়হান আহমেদ জানান, “আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুনের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।”