মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় নদীর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। তার পরনে ছিল গেঞ্জি ও ট্রাওজার। মুখমন্ডলে বিভিন্ন স্থানে ক্ষত চিহ্নও রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বরিয়াবহ এলাকায় শনিবার সকালে ঘাটাখালি ব্রিজের নিচে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। তবে পুলিশের ধারণা চার-পাঁচ দিন আগে অন্য কোন এলাকার পিকনিকের নৌকা থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, অন্য কোথাও থেকে লাশটি ভাসতে ভাসতে আমাদের এলাকায় এসেছে। তবে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।