আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শের আলী তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান কর্মসূচিতে বসেছেন।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে নিজ বাসা থেকে কাঁথা-বালিশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আসেন তিনি এবং সেখানেই অবস্থান শুরু করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেছেন।

শের আলী বলেন, “হল নাই, খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই। এতো কিছু নাই এর মধ্যে কোথায় যাবো আমি? এইজন্য আমি কাঁথা-বালিশ নিয়ে এখানে অবস্থান কর্মসূচিতে বসেছি।”

তিন দফা দাবির মধ্যে রয়েছে অধিকাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের মধ্যে হল নির্মাণ ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু এবং সম্পন্ন করা।

নিজের দাবির বিষয়ে অনড় অবস্থান জানিয়ে শের আলী বলেন, “আজ রাত আমি এখানেই থাকবো। আমার সঙ্গে কেউ থাকুক কিংবা না থাকুক, আমি একাই তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থানে আছি। দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো।”

এই অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “কেউ প্রতিবাদস্বরূপ আন্দোলন করলে তো আমরা বাধা দিতে পারি না। তবে আমরা শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করবো। আমাদের কাজ চলমান আছে। শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছি। এটা তাদেরও বুঝতে হবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ