মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কঠোর লকডাউনের ৯ম দিনে চলছে চোর পুলিশ খেলা। উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, লকডাউনে বাইরে থেকে দোকান বন্ধ মনে হলেও ভেতরে ক্রেতার সমাগম। আবার কোন কোন দোকানে অর্ধেক শাটার খোলা রেখেই চলছে বিক্রি। পুলিশ ও প্রশাসনের উপস্থিতি টের পেলেই দোকান বন্ধ করে সটকে পরে দোকানি। প্রশাসনের লোকজন চলে যাওয়ার সাথে সাথেই আবার শুরু হয় বেচা-কেনা। কঠোর লকডাউনের ৯ম দিনে এমন চিত্র দেখা গেছে সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে।
শনিবার ৩১ জুলাই সরেজমিনে দেখা যায়, সকাল ১০ টার দিকে উপজেলার তালতলা বাজারে বিধিনিষেধ অমান্য করে খোলা দোকান গুলো বন্ধ করার জন্যে মালখানগর ইউপি সচিব আমিনুর রহমান দোকান মালিকদের অনুরোধ করছেন, আর দোকান মালিকরা দিচ্ছে নানান অজুহাত। অনেক টা ব্যার্থ হয়ে ফিরে যেতে দেখা যায় ইউপি সচিবকে। মিনিট ১০-১৫ পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাসের নেতৃত্বে বিজিবি সহ ভ্রাম্যমাণ আদালতের টিম এলে বিধিনিষেধ অমান্য করে খুলে রাখা দোকান মালিকরা তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে সটকে পরে।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস জানান, লকডাউনের আজ ৯ম দিন , আমরা সকাল ৮টা থেকে আমাদের টহল কার্যকম অব্যাহত রেখেছি, কিন্তু জনসাধারণের মাঝে বিন্দুমাত্র সচেতনতার লক্ষ্য দেখিনি,তারপরও আমরা সরকারি নির্দেশনা অমান্য করে যে সকল দোকান খোলা ছিলো,তাদেরকে এখন পযন্ত ১০ হাজার টাকা জরিমান করা হয়েছে।এবং আমাদের এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান, তিনি জানান, এখানে আমার সাথে সহযোগিতা করছে আমাদের বিজিবির চৌকশ দল এবং বিজিবি বিকেলে আসবে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যকম চলবে। তিনি আরো জানান সিরাজদিখানে লকডাউন বাস্তবায়নে তিনি সহ তিন জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান কার্যকম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস আরো বলেন আমি আপনাদের মাধ্যমে সিরাজদিখান বাসীকে বিনিত অনুরোধ করছি লকডাউনের বাকি দিন গুলো সরকারী বিধিনিষেধ মেনে চলুন,সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন, নিজ নিজ অবস্থান থেকে গণসচেতনতা তৈরি করার জন্যে তিনি উপজেলা বাসীর কাছে আহবান জানিয়ে বলেন নিজেকে সুরক্ষিত রাখতে নিজের পরিবার পরিজনদের সুরক্ষিত রাখতে স্বাস্থ্য বিধি মেনে চলুন, অপ্রয়োজনে বাড়ী বাহির না হবার জন্যে সকলকে অনুরোধ জানান তিনি।
এদিকে ১২ টার দিকে দেখা যায় চায়ের দোকানে মানুষ খোশগল্পে মগ্ন, দেখলে বুঝার উপায় নেই লকডাউন চলছে। এছাড়াও বিভিন্ন রাস্তার পাশের চায়ের দোকানগুলোতে ছিলো জমজমাট আড্ডা। লকডাউনে দোকান খোলা রেখে ব্যবসা করায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। উপজেলার রাস্তা গুলো ছিলো ব্যাটারি চালিত অটোরিকশার দখলে।