সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে অভিযান পরিচালনা করে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরাকান স্যালভেশন আর্মি (আরসা) কমান্ডার হাফেজ জুবায়েরকে আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
এসময় তার কাছ থেকে চারটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি ও দুইটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।
শর্ট:
আটক হাফেজ জুবাইয়ের (৩২) বালুখালী ক্যাম্প-১৯ এর এ/১৪ ব্লকের ওমর মিয়ার ছেলে।
দীর্ঘদিন ধরে সে রোহিঙ্গা সন্ত্রাসীগোষ্ঠী আরসার কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিল। তার বিরুদ্ধে পূর্ব থেকে চারটি হত্যা মামলা রয়েছে।
অতিরিক্ত ডিআইজি আমির জাফর আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে হাফেজ জুবায়েরকে আটক করা হয়।
এসময় তার দেখানো তথ্যমতে ঘরে থাকা টিনের ট্রাংক থেকে দেশীয় তৈরি ৪ টি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, ০১ রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়।
এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের স্বীকার করেন, তিনি দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহিন অরণ্যে আরসার তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অতি সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। সে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত খুন, অপহরণ, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত এবং এ পর্যন্ত সে ৪ টি হত্যা মামলার এজাহারনামীয় আসামী। তার বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান।
রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ৮ এপিবিএন নিরবচ্ছিন্নভাবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রোহিঙ্গাদের একের পর মাদক সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা। তারা মনে করেন প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত।