সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে ৭ বছর বয়সী এক শিশুকে কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়েরকৃমত মামলায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ভাড়া বাসা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল হাই (৫০) নীলফামারি জেলার ডিমলা উপজেলার হাবিবুর রহমানের ছেলে। আশুলিয়ার পলাশবাড়ী এলকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করে সে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী শিশুটির বাবা প্রবাসী ও মা বাসার পাশেই একটি দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করেন। মঙ্গলবার বিকেলে মেয়েকে বাসায় একা রেখে তার মা দোকানে যায়।
এসময় প্রতিবেশী বৃদ্ধ সুযোগ বুঝে শিশু মেয়েটিকে জোর করে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওই সময় অনেক জোরে বৃষ্টি পড়ার কারণে মেয়েটি চিৎকার করলেও তা কেউ শুনতে পায়নি।
পরে মেয়েটি কৌশলে ওই কক্ষ থেকে দৌড়ে পালিয়ে প্রতিবেশী আরেক ভাড়াটিয়ার কাছে আশ্রয় নেয়। এঘটনার একদিন পর বুধবার রাতে বিষয়টি জানাজানি হলে বৃদ্ধ আব্দুল হাইকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গতকাল রাতে শিশু ধর্ষণের অভিযোগে আব্দুল হাই নামে একজনকে আটক করে আনা হয়। পরে ভুক্তভোগীর পরিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।