আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

এ.আর পাইলটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি 

নিজস্ব প্রতিনিধি : 

চাঁদপুরের ফরিদগঞ্জে সাম্প্রদায়িক কোন্দল সৃষ্টির লক্ষ্যে কাজ করছে একটি কুচক্রী মহল। সাম্প্রতিক সময়ে উপজেলা সদরের এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের বিরুদ্ধে।

গরুর মাংসের বিরিয়ানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা, ঘটনা আর ঘটনার পেছনের ঘটনা- এসব নিয়ে চলছে নানামুখী চুলচেরা বিশ্লেষণ।

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ফরিদগঞ্জে হিন্দু-মুসলিমের মাঝে বিরোধ তৈরি করার উদ্দেশ্য বাস্তাবায়নে কাজ করে যাচ্ছে এই চক্রটি। এ বিষয়টি নিয়ে স্থানীয় এমপি ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

অভিযোগটিতে ভুল তথ্য দিয়ে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক আঘাত হানা হয়েছে এবং দাঙ্গার সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে চক্রটি- এমন অভিযোগ করেন সুশীল সমাজ ও সচেতন মহলের লোকজন।

অভিযোগে বলা হয়, গত ১১ নভেম্বর ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠানের শেষে কয়েকজন হিন্দু শিক্ষার্থীকে গরুর মাংসের বিরিয়ানী খাওয়ানো হয়েছে। সেদিন পেটে প্রচণ্ড ক্ষুধা থাকায় তাড়াহুড়া করে না বুঝেই তারা খেয়ে ফেলেছে বলে উল্লেখ করা হয় অভিযোগে।

কয়েকজন আবার প্যাকেট ফিরিয়েও দিয়েছিল। পরদিন ১২ নভেম্বর বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি নাকি তাদেরকে বলেছিলেন, ‘আজকাল অনেক হিন্দুরা গরুর মাংস খায়। তোমরা খেয়েছ তাতে কী হয়েছে!’ এই বিষয়টি নাকি হিন্দুসমাজের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে বলে  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন।

ঘটনার সূত্র ধরে জানা যায়, গত ৬ নভেম্বর বিজ্ঞান বিভাগের এসএসসি পরিক্ষার্থীরা নিজের অর্থায়নে র‍্যাগ-ডে নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল র‍্যাগ-ডে পালন করতে নিষেধ করায় শিক্ষার্থীরা গোপনে স্কুলের পিছনে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে খাওয়ার জন্য তারা ফরিদগঞ্জের হাজী হোটেল থেকে গরু এবং মুরগির বিরিয়ানি আনে।

অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করে শিক্ষার্থীরা। স্কুলে র‍্যাগ-ডে বন্ধ করার জন্য শিক্ষার্থীদের বাধা দিলে তারা দ্রুত অনুষ্ঠান শেষ করে চলে যায়। ঐ অনুষ্ঠানে হিন্দু শিক্ষার্থী পূজা রানী গরুর মাংসের বিরিয়ানি পায় বলে জানা যায়। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৬ নভেম্বর স্কুলের কাজে চট্টগ্রাম ছিলেন বলে স্কুল সূত্রে পাওয়া যায়।

স্কুলে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠান হয়েছে ৭ নভেম্বর। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী। মিলাদ শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের পক্ষ থেকে কোনোপ্রকার বিরিয়ানির আয়োজন করা হয়নি বলে দাবি করেন প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল। শিক্ষার্থী পূজা রানী ও অথৈই জানান, মিলাদে আমাদেরকে বিরিয়ানি নয় মিষ্টি দেওয়া হয়েছে। বিরিয়ানী দেওয়া হয়েছে র‍্যাগ-ডে অনুষ্ঠানে।

যেটা আমরা সকল শিক্ষার্থী মিলে আয়োজন করেছি। আমি বিরিয়ানি একটু মুখে দিয়ে দেখি এটিতে গরুর মাংস। তখন আমি তা দ্রুত ফেলে দিই। এমন লিখিত বক্তব্য প্রদান করে তারা।

ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল বলেন, মিলাদ অনুষ্ঠান হয় ৭ নভেম্বর। আমার কাছে একজন শিক্ষার্থী আসে ৯ অথবা ১০ নভেম্বর। এসে আমাকে বলে, ‘স্যার, র‍্যাগ-ডে অনুষ্ঠানে আমি গরুর মাংসের বিরিয়ানির প্যাকেট পেয়েছি।’

তখন আমি বলি, ‘তোমাদেরকে র‍্যাগ-ডে করার জন্য নিষেধ করার পরেও কেন অনুষ্ঠান করেছ? তুমি কি গরুর মাংস খেয়েছ?’ এমন প্রশ্নের জবাবে সে বলে, ‘না স্যার, একটু মুখে দিয়ে দেখেছি।’ তখন আমি শান্তনা দেয়ার জন্য বলি, ‘ভুলবশত একটু মুখে নিয়েছ। এরকম ভুল অনেকে করে। বিষয়টি আমি তাদের জিজ্ঞাসা করে দেখব কেন তোমাকে গরুর মাংসের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে।’

অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরিকে তদন্ত করার নির্দেশ প্রদান করেন। গত ২৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি উভয়পক্ষের সাথে সেদিনের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেন।

২৩ নভেম্বর তদন্ত চলাকালীন অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পালকে আর কোনো অভিযোগ আছে কী না- এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি থার্ড পার্সন ব্যক্তিদের সামনে কথা বলি না।’ এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, জেলা প্রশাসক আমাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। আমি তদন্ত করে পাঠিয়ে দিয়েছি। বাকী সকল কাজ জেলা প্রশাসকের। উনি যেটা বলবেন আমরা সেটা বাস্তবায়ন করব।

উল্লেখ্য, স্কুলে মিলাদ হয়েছে ৭ নভেম্বর আর অভিযোগে মিলাদ ছিল ১১ নভেম্বর। অন্যদিকে শিক্ষার্থী বলেন, আমি র‍্যাগ-ডে অনুষ্ঠানে গরুর মাংসের বিরিয়ানি পাওয়ার পর একটু মুখে দিয়ে ফেলে দিই। আর অভিযোগে ছিল মিলাদ অনুষ্ঠানে গরুর মাংস খাওয়ানো হয়েছে।

দুষ্টচক্রের হিসাব-নিকাশ ছিল পরিস্কার। সচেতন মহলের নাম প্রকাশহীন অনেকেই মন্তব্য করেন, দুষ্টুচক্র আমাদের শান্তিপূর্ণ উপজেলায় অশান্তি সৃষ্টির জাল তৈরি করে ফায়দা লুটতে চাইছে; এটা কস্মিনকালেও মানা যায় না। অচিরেই একটা সুন্দর সমাধান হোক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ