জাবি প্রতিনিধি:
এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ ১০ জুলাই বুধবার সকাল ১০ ঘটিকায় সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কারের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সকাল-সন্ধা ব্লকেডের অংশ হিসেবে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব বলেন, “আমরা আমাদের এক দফা দাবির জন্য আন্দোলন করছি, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে আমাদের সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে, সারা বাংলাদেশ ব্লক হয়ে যাচ্ছে। আমরা হাইকোর্টকে অনুরোধ করব আজকের রায় যেন সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে না যায়, গণ মানুষের বিরুদ্ধে না যায়। আজকের রায় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গেলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। ঢাকার সাথে প্রতিটি জেলার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যদি তাই হয় তাহলে যে ক্ষতি হবে সেই দায় রাষ্ট্রপক্ষকে নিতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম বলেন, “আমাদের ছাত্র সমাজের আন্দোলন চলছে, আজকে আপিল বিভাগের শুনানি আছে, একটা কুচক্রী মহল আমাদেরকে কোটা বিরোধী হিসেবে প্রকাশ করতে চাইছে কিন্তু আমরা কখনোই কোটার বিরোধী না, আমরা কোটার বাতিল চাই না। আমরা চাই কোটার একটি যৌক্তিক সংস্কার। আমাদের এক দফা দাবির দিকে লক্ষ করলে আপনারা দেখবেন, সেখানে উল্লেখ আছে চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটাপদ্ধতিকে সংশোধন করতে হবে। অতএব আমরা বলতে চাই, আজকে আদালতের রায় যেমনই আসুক না কেন সেখানে যদি কোটা সংস্কার নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনা না আসে তাহলে ছাত্রসমাজের এই আন্দোলন চলবে।”
উল্লেখ্য, শিক্ষার্থীদের এই অবরোধ সন্ধ্যা নাগাদ চলমান থাকার কথা রয়েছে।