আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:
পবিত্র রমজান, পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ১৯ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২রা মে) সকল কার্যক্রম শুরু করেছে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ঈদ শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে ববির ক্যাম্পাস।
দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, আড্ডায় আর খুনসুটিতে মেতে উঠে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছয় দফা, মুক্তমঞ্চ,খেলার মাঠ, প্রীতিলতা চত্ত্বর, হতাশা চত্ত্বর, এগারো চত্ত্বর এবং টিএসসি সহ সর্বত্র সহস্র প্রাণের কলরবে সুনসান নিরবতা ভেঙে আবারো ফিরে পেয়েছে নতুন প্রাণ।
ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আইন বিভাগের শিক্ষার্থী রাজিব মাতুব্বর বলেন,ঈদের ছুটিতে একটা দীর্ঘ সময় বাড়িতে কাটানোর পর যখন বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরতেছিলাম তখন পরিবার ও গ্রামের বন্ধুদের কথা ভেবে খারাপ লাগতেছিল।
আবার অনেকদিন পরে ক্যাম্পাসের বন্ধুদের সাথে দেখা হবে এটা ভেবে ভালো লাগতেছিল। বাড়িতে থাকাকালীন ক্যাম্পাসের বন্ধুদেরকে অনেক মিস করেছি। ক্যাম্পাসে পৌঁছানোর পরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে পেরে আনন্দিত বোধ করছি।
ক্যাম্পাসে ফেরা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী লিনূর ভূইয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় এইবারের ঈদুল ফিতর বেশিই উপভোগ্য ছিল। প্রথমত প্রায় দুই মাস পর রমজানের মাঝামাঝি সময়ে বাড়ি যাওয়ার আনন্দ, দ্বিতীয়ত ঈদের দিন পরিবারের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত।
যদিও ঈদের পর পরিবার ছেড়ে ক্যাম্পাসে আসার সময় মন খারাপ ছিল। সামনে পরীক্ষা তাই তাড়াতাড়ি চলে এসেছি। কিছুদিন আগেও একা লাগছিল ক্যাম্পাসে, এরই মধ্যে অনেকে চলে এসেছে। সকলের সাথে আবারও ভালো সময় কাটছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল থেকে ববির সকল ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিলো। রোববার (৩০ মে) থেকে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকলেও বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার (২রা মে) থেকে।
এছাড়াও ববি শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী সব রুটের বাস যথারীতিতে চলাচল করছে।