নিজস্ব প্রতিবেদক :
যেখানে করোনার কারণে বিনোদন কেন্দ্রসহ বন্ধ রয়েছে প্রায় সব কিছু সেখানে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পবিত্র ঈদুল ফিতরকে পুঁজি করে ফুটবল খেলার আয়োজন করেছে সাভারের আশুলিয়ার এক ইউনিয়ন পরিষদের সদস্য।
শুক্রবার (১৪ মে) বিকালে আশুলিয়ার দিয়াখালি এলাকার একটি ধান খেতের পাশে খেলার আয়োজন করেছে ইয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য বকুল হোসেন সরকার।
বিকালে সরজমিনে খেলাটির খবর শুনে সেখানে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধির কথা মাথায় না রেখে আয়োজন করা এই খেলাটিতে খেলোয়াড়সহ আয়োজকদের কারো মুখে মাস্ক দেখা যায়নি। ঈদের দিন হওয়ায় ঘুরতে আসা মানুষগুলোও গাদাগাদি করে দাঁড়িয়ে বা বসে খেলা দেখছে। এভাবেই হাজার হাজার মানুষ খেলাটি উপভোগ করেছে।
জানাগেছে, গরু-খাসি পুরস্কার ঘোষণা করে বিবাহিত বনাম অবিবাহিত খেলোয়াড় ফুটবলের প্রীতি ম্যাচটির আয়োজন করা হয়। খেলায় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আশুলিয়ার রাজনৈতিক নেতারা। খেলাটির জন্য থানা বা উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে অনুমতিও নেওয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ইয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য বকুল হোসেন সরকার বলেন, ষাড় আর খাসি দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়েছিলো। এলাকার মুরুব্বি আর পোলাপাইন মিলা আমাকে নিয়ে আয়োজন করছে৷
এ সময় এই অনুষ্ঠান করা কতটা যুক্তি যুক্ত? এমন প্রশ্নে তিনি বলেন, এমনিতে লকডাউনের ভেতর কোনো মানুষ নিচে নামে নাই। মানুষ সব ফাঁকা হয়ে দাড়াইছে। চারপাশ দিয়ে রাস্তা দিয়ে লোকজন ছিলো।
এবিষয়ে আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) সুব্রত বলেন, খেলার কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। বা আমাদের কেউ জানায়নি। এই সময়ে এমন কিছু হলে অবশ্যই আমাদের জানাতে হবে।
এ ব্যাপারে কথা হয় সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদার সাথে তিনি বলেন, এসময়ে সকল প্রকার গণজমায়েত হওয়া বা প্রোগ্রাম করা সম্পূর্ণ নিষেধ। এগুলো করা যাব না। বিষয়টি নিয়ে আমি এসিল্যান্ড মহদয়দের সাথে কথা বলছি।