আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ভোটার শূন্য ভোটকেন্দ্র

সাভার প্রতিনিধি :

সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়াঁর মৃত্যুত শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম লক্ষ্য করা গেছে।

বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়নের গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গুমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের কোনো লাইন চোখে পরেনি।

এই কেন্দ্র দুটির দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম এবং বিপুল কুমার বিশ্বাস ঢাকা মেইলকে জানান, ‘এই কেন্দ্রে দুটিতে মোট ভোটার ৫ হাজার ২২০ জন। এখন পর্যন্ত ৮৪০ জন ভোটার ভোট প্রদান করেছেন। সকালের ঘন কুয়াশার জন্য হয়তো ভোটারদের উপস্থিতি কম তবে বেলা বাড়ার সঙ্গেসঙ্গে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে ধারণা করছি।’

এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ঢাকা মেইলকে বলেন, ‘এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনরূপ বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রিতিকর ঘটনা প্রতিরোধে নিয়োজিত রয়েছি।’

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা থেকেই এই ইউনিয়নের মোট ৪২টি ভোট কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।ভোট গ্রহণ কার্যক্রম মনিটরিং করতে মাঠে রয়েছেন সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন পর্যন্ত বড় ধরনের কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

উল্লেখ্য, সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৯০, মহিলা ৪০ হাজার ৪৭১ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ