আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ইউপি সদস্য আব্দুস ছাত্তার ছৈয়ালের সফলতার বিশ বছর

কে এম নজরুল ইসলাম :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং উত্তর গোবিন্দপুর  ইউনিয়ন পরিষদের জনঅধ্যুষিত ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুস ছাত্তার ছৈয়াল সফলতার সঙ্গে প্রায় ২০ বছর জনপ্রতিনিধি হিসেবে একটানা কাজ করে যাচ্ছেন।

বর্তমানে তিনি প্যানেল চেয়ারম্যান হিসেবে পদমর্যাদায় রয়েছেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দেশমাতৃকার জন্য জনপ্রতিনিধি হিসেবে সেবা প্রদান করার জন্য সচেষ্ট একজন মানুষ তিনি। বর্তমানে তিনি ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০২-০৩ সালের ইউপি নির্বাচনে প্রথমবারের মতো তিনি প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। মানুষের ভালোবাসায় একটানা তিন বারের মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে নিয়োজিত আছেন।

মাঝখানে তত্ত্বাবধায়ক ফকরুদ্দিন সরকারের আমলের একটা টার্ম সহকারে টোটাল প্রায় ২০ বছর ধরে এখনও সুনামের সহিত জনপ্রতিনিধিত্ব করছেন। একসময় নয়াহাট অগ্নিবীণা ক্লাবের হয়ে ফরিদগঞ্জ উপজেলার সেরা ফুটবল স্ট্রাইকার হিসেবে পুরো চাঁদপুর জেলায় বেশ নামডাক ছিল আব্দুস ছাত্তার ছৈয়ালের। ফুটবলের সঙ্গে যুক্ত আছেন এখনও; ফরিদগঞ্জের বিভিন্ন টুর্নামেন্টে তিনি মূল রেফারির দায়িত্ব পালন করে থাকেন নিষ্ঠার সাথে।

ফুটবলকে কন্ট্রোল করার দক্ষতা তিনি কাজে লাগান তার ৮নং ওয়ার্ডে। জনপ্রতিনিধি হিসেবে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও কন্ট্রোল করতে পেরেছেন দক্ষতার সাথে। ওয়ার্ড মেম্বার হিসেবে প্রথম যখন তিনি নির্বাচন করেন তখন চির্কা ও ভাটিয়ালপুরের জনগণের দায়িত্ব তিনি পেয়েছেন। এরপর ভাটিয়ালপুর পৌরসভার মধ্যে ঢুকে গেলে ৮নং এ যুক্ত হয় চাঁদপুর গ্রামের একটা অংশ। তারপর আরও শক্তিশালী হয় আব্দুস ছাত্তার মেম্বারের অবস্থান।

তিনি তার গৌরবান্বিত ২০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরেন চাঁদপুর প্রবাহের এই প্রতিনিধির কাছে। তিনি শুরুতেই বলেন, ‘বৈশ্বিক করোনা মহামারির মাঝেও আমরা সুস্থ আছি ইনশাআল্লাহ। করোনার দুর্যোগে জনগণকে পাশে পেয়েছি। এই সময়টা আমার জন্য বিরাট চ্যালেঞ্জের ছিল।

এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন। ২০০২-০৩ সালে ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে তারাই আমাকে দায়িত্ব অর্পণ করেছে। তাদের জন্য কাজ করতে পারলে আমার আনন্দ লাগে। আমার ৮নং ওয়ার্ডের সর্বস্তরের প্রাণপ্রিয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এসময় তিনি তার উন্নয়নের চিত্র তুলে ধরেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এলাকার বিভিন্ন বাল্যবিবাহ প্রতিরোধে যথেষ্ট ভূমিকা পালন করা, মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করা, ওয়ার্ডের গরীব দুঃখী মানুষের জন্য গভীর নলকূপের ব্যবস্থা করা, কাবিখা-কাবিটা-৪০ দিনের প্রকল্পের বিভিন্ন কাজকর্ম সম্পাদন করা, বয়স্ক ভাতার কার্ড সমবণ্টন করা, ভিজিপি চালের কার্ডের সুষ্ঠু বিতরণ করা,

শীতকালে শীতবস্ত্র কম্বল বিতরণ করা, এলাকায় বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা, ধর্মীয় আচার অনুষ্ঠানে যেমন: ওয়াজ মাহফিল, পূজা সহ বিভিন্ন ধর্মীয় কাজে সহযোগিতা করা, বিভিন্ন বাড়ির চলাচলের কাঁচা রাস্তা পাকা করা, ছোট বড় ৩/৪টি রাস্তা তৈরি করা, জলাবদ্ধতা থেকে মুক্তি লাভের জন্য কালভার্ট তৈরি করা, বিভিন্ন মসজিদের ও শিক্ষা  প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন, ওয়াল বাউন্ডারি, দলীয় নেতাকর্মীদের সংঘবদ্ধ করা ও পরিচালনা করা সহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ড।

আসন্ন ফরিদগঞ্জ উপজেলা ইউপি নির্বাচনে এবারও তিনি ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়ে অন্যান্য অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, ‘আমি সবসময় চেষ্টা করেছি কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব বজায় রেখে ৮নং ওয়ার্ডকে অন্যান্য ওয়ার্ডের চেয়ে অনেক বেশি উন্নয়ন করার জন্য। ইউনিয়নের আদর্শ ওয়ার্ড হিসেবে আমার ৮নং ওয়ার্ডকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

বিএনপি সরকারের আমলে (২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত) ১৫/১৬টি মামলায় জড়িয়ে তাকে ধুলিস্যাৎ করতে চেয়েও দমাতে পারেনি তার কাজের গতিকে।

মোস্তফা মজুমদার নামে চাঁদপুর গ্রামের এক বাসিন্দা বলেন, ‘ছাত্তার মেম্বার সাব আমাদের প্রিয় একজন মানুষ। ওনার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। তিনি দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকেন।

আমাদের প্রয়োজনে ডাকলেই সঙ্গে সঙ্গে ছুটে আসেন। কারো উপকার না করলেও ক্ষতি করার চেষ্টা করেন নাই। আমাদের সাধারণ মানুষের দাবি ছাত্তার ভাইকে আমরা আবারও মেম্বার হিসেবে দেখতে চাই।’

চির্কা গ্রামের মো. সাইফুল ইসলাম বেপারী নামের এক বাসিন্দা জানান, ‘আব্দুস ছাত্তার কাকা আমাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন। ওনার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করে থাকেন। ভবিষ্যতেও ওনাকে আমাদের ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে চাই।’

জনপ্রতিনিধি আব্দুস ছাত্তার মেম্বারের অর্জনগুলোর মধ্যে অন্যতম: ভাটিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন দীর্ঘ ১২ বছর। বর্তমানে চির্কা জামে মসজিদের সেক্রেটারির দায়িত্বে আছেন। তিনি রাজা মিয়া ফুটবল টুর্নামেন্টে সেরা অধিনায়কের পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

তাছাড়া ফরিদগঞ্জের সাবেক সেরা খেলোয়াড়ের মর্যাদা স্বরূপ সরকারের তরফ থেকে পুরস্কার প্রাপ্তি সহ অসংখ্য অর্জন রয়েছে তার ঝুলিতে। তিনি ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ