ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে কৃষি জমি, বসতবাড়ি ও সরকারি রাস্তার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অবৈধভাবে বালি উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে সরকারি রাস্তা, কৃষি জমি ও বসতবাড়ি।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মমিন দুলাল প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করছে। এতে করে আশপাশের কৃষি জমি, ঘরবাড়ি ও রাস্তার ক্ষতি হলেও কেউই ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগের আলোকে সরেজমিনে দেখা যায়, কামতা-সেন্দ্রা সড়কের লক্ষ্মীপুর চৌরাস্তা সংলগ্ন উত্তর লক্ষ্মীপুর কাচবাড়ির পাশে কৃষিজমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে গত কয়েকদিন যাবৎ নির্বিঘ্নে বালি উত্তোলন করে আসছে অভিযুক্ত মেম্বার। স্থানীয়রা ড্রেজার মেশিন চালাতে বারণ করলেও তিনি পেশিশক্তি ব্যবহার করে ড্রেজার মেশিন চালাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য জানান, তিনি কবরস্থানের জন্য মাটি তুলছেন। তাছাড়া তিনি ১৫ বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একপর্যায়ে বলেন, ‘অনেকই ড্রেজার চালায়, আমি চালালে দোষের কী’।
ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শমশের আহাম্মেদ জানান, আমরা ড্রেজার মেশিন বন্ধ করে তা সরিয়ে নেওয়ার জন্য দুলাল মেম্বারকে বলেছি এবং আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার জানান, আমরা ড্রেজার মেশিনটি বন্ধ করে দিয়েছি এবং তা অপসারণের জন্য তাদেরকে বলেছি। যদি তারা নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় আবার চালায়, তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।