আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া থেকে দুই নারীর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায় নি।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার ডেন্ডাবর উত্তরপারা কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠ থেকে অজ্ঞাতনামা নারী ও সকালে আশুলিয়ার কুমকুমারি এলাকার একটি শাখা সড়কের পাশ থেকে নারগিস আক্তারের (২৬) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারগিস ঠাকুরগাঁও জেলা সদরের কালিতলা চৌদ্দহাত আরাদীশিং পকড়ার মো. জালাল উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন।

নিহতের  স্বামী  বলেন, গতকাল রাতে গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আশুলিয়ার কুমকুমারি এলাকার ভাড়া বাসা থেকে বের হয় নারগিস। পরে সকালে জানতে পারি আমার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিভাবে তার মৃত্যু হলো আমি কিছুই এখনও জানতে পারি নি। তবে পুলিশ বলছে কোন কিছুর (যানবাহন) সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে।

এদিকে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার ডেন্ডাবর উত্তরপারা কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী  বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ