সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়া থেকে এক হাজার (১০০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
গ্রেফতারকৃত হলেন, মো. শফিকুল ইসলাম (৪৫)।
তিনি রংপুর জেলার পীরগাছা থানার শ্রীকান্ত মধুরাম গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি
আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার স্থানীয় মোন্তা মেম্বারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার নরসিংহপুর এলাকা থেকে শফিকুল নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।