সাভার প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় রাস্তায় গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে থানার লাশবাহী গাড়ি চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গাড়ি চালক।
ভুক্তভোগী গাড়ি চালকের নাম মো. জুয়েল (৫২) তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার মাহমুদকাঠি এলাকায়। তার বাবার নাম মৃত মোফাজ্জল কমান্ডার। বর্তমানে তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়ায় বসবাস করে আশুলিয়া থানার লাশবাহী গাড়ির চালক হিসেবে কর্মরত রয়েছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. শফিকুল্লাহ (৪০) তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় আহাদ আলীর ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকালে বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে গাড়ি পার্কিং করে রাখার দায়ে অভিযুক্ত শফিকুল্লাহ ভুক্তভোগীকে কার অনুমতিতে এখানে গাড়ি পার্কিং করেছে এ বিষয়ে জানতে চায় এবং গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে অভিযুক্ত শফিকুল্লাহ ভুক্তভোগীর শার্টের কলার চেপে ধরে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে এবং গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। এতে ভুক্তভোগী জুয়েল মারাত্মক আহত হয়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জুয়েল এর সাথে আমার মারামারির কোন ঘটনা ঘটে নাই। এসব বিষয়ে আমি কিছুই জানিনা। থানায় লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে কেউ থানায় অভিযোগ দিতেই পারে। তবে এসআই অমিত তাকে কয়েকবার ফোন করে ছিলো বলেও জানান তিনি।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক অমিতাভ চৌধুরী অমিত বলেন, বিষয়টি নিয়ে আমি উভয়পক্ষকেই থানায় ডেকেছিলাম কিন্তু তারা আসেনি। পরে বিষয়টি আমাদের থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স) স্যারকে অবহিত করলে তিনি বলেছেন ব্যাপারটি উনি দেখবেন।