আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ১

সাভার  প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনায় আশিকুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আশিকের ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীসহ ঘটনায় জড়িত বাকি দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁর রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গত বুধবার দুপুরে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে।

এসময় কয়েকজন দুর্বৃত্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেশীয় অস্ত্র ব্যবহারসহ অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জালাল উদ্দীন বলেন, ‘আশুলিয়ার শিল্পকারখানায় যে অসন্তোষ চলছে, তারই ধারাবাহিকতায় বুধবার দি রোজ ড্রেসেস কারখানার সামনে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি এবং অস্ত্র নিয়ে শোডাউন হয়।

এঘটনায় আশিকুর রহমান নামে একজনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর সঙ্গে আর কারা জড়িত আছে এবং আগ্নেয়াস্ত্র কারা ব্যবহার করেছে, তাদের নাম ঠিকানা নিয়ে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ