নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় একটি শাক ক্ষেত থেকে এক জীবিত কন্যা নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। এঘটনায় উদ্ধার হওয়া শিশুকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ মে) বেলা ১১ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার বিমানপল্ট্রি এলাকার একটি শাক ক্ষেত থেকে নবজাতককে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। প্রাথমিকভাবে কিভাবে ওই এলাকায় নবজাতকটি এলো তার কোন হদিস পাওয়া যায় নি।
পুলিশ জানায়, ভাদাইলের ওই এলাকার একটি শাক ক্ষেতে হালিমা নামের এক নারী নবজাতকটিকে দেখতে পায়। এসময় তিনি এলাকাবাসীকে জানালে আরও ১০ থেকে ১২ জন উপস্থিত হয় ঘটনাস্থলে। সেখান থেকে নারী ও শিশু হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে তারা। পরে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কতৃপক্ষ থানায় অবিহিত করলে হাসপাতাল পরিদর্শন করে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ জানান, খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। শিশুটি অসুস্থ্য হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে। সুস্থ্য পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (হাসপাতাল অপারেশন) হারুন ওর রশিদ বলেন, প্রথমে নবজাতকটি কয়েকজন মিলে হাসপাতালে নিঢে আসেন। কিন্তু বাবা মায়ের পরিচয় নিয়ে তারা দ্বিধা-দ্বন্দে পরে। পরে ভালভাবে জিজ্ঞাসাবাদ করলে সত্য ঘটনা বলেন তারা। এঘটনায় থানা পুলিশকে অবিহিত করে আমরা চিকিৎসা শুরু করি। প্রথমে শিশুটি নিওনেটাল ওয়ার্ডে ভর্তি করা হয়। নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে, পালসও অনেক কম। তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।