সাভার প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় একটি কবরস্থানের ৫টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে ওই কবরস্থানে দাফনকৃত পরিবারের সদস্যরা ভিড় জমাতে শুরু করেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার ইয়ারপুর দরগার পাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থানের মহিলা কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি হয়। চুরি হওয়া কঙ্কালগুলো সবই নারীর কঙ্কাল বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, কবরস্থানটির এক পাশে নারী আর এক পাশে পুরুষের মরদেহ কবরস্থ করা হয়। মাহমুদা খানম নামের এক নারীর মা দেড় বছর আগে মারা গেলে এই কবরস্থানেই তাকে কবরস্থ করা হয়। তার মৃত্যুর থেকেই প্রতি শুক্রবারে মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন তিনি। প্রতি শুক্রবারের ন্যায় শুক্রবার আসলে তিনি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশে আরও ৪টি কবর খুড়ে কঙ্কাল চুরি নজরে আসলে ওই নারী স্থানীয়দের খবর দেন।
কবরস্থানের খাদেমের দায়িত্বে থাকা মনির হোসেন বলেন, খবর পেয়ে কবরস্থানে এসেছি। এখানে ৫ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কবর এক থেকে দেড় বছরের পুরোনো। এছাড়া বিষয় টি থানায় বিষয়টি অবিহিত করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়ে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।