কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক রেজিস্ট্রার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরকে নিয়ে কর্মচারীদের মানববন্ধনে উল্লেখ করা বিভিন্ন অভিযোগের প্রতিবাদে ও কর্মচারীদের শাস্তির দাবিতে আবারও মানববন্ধন করেছে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার(২৯ আগস্ট) সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত বুধবার করা শিক্ষার্থীদের মানববন্ধনের প্রেক্ষিতে তদন্ত কমিটি করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপাচার্য। কিন্তু তিন দিনের মধ্যে কোন ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনের নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ বলেন, আমরা মানববন্ধনের মাধ্যমে উপাচার্যের কাছে জানতে এসেছিলাম যে তাহের স্যারকে নিয়ে কটুক্তি করা গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে কিনা।
আজকে ভিসি স্যার না থাকায় প্রক্টর স্যার আমাদের আশ্বস্ত করেছে ভিসি স্যার আজকে তদন্ত কমিটির গঠন করে আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা নিবে।
তিনি আরো বলেন, যদি আগামী সাত দিনের মধ্যেও কোন সিদ্ধান্ত না আসে তাহলে আমরা বিভাগের শিক্ষার্থীরা সবাই মিলে যত কঠোর অবস্থান সম্ভব গ্রহণ করবো।
এব্যাপারে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের দাবির সাথে আমরা একমত। তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আজকের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করা হবে।
শিক্ষার্থীরা দাবি করেছে সাত দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট দেয়ার। আমি তাদেরকে বলেছি উপাচার্য স্যারের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করে দিব।