আজ ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

আন্তর্জাতিক কেস কম্পিটিশনে নিটারের প্রতিনিধিত্ব, টপ ২৪-এ নাফিস ইরাম

ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)–এর ১৩ তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাফিস ইরাম আন্তর্জাতিক কেস কম্পিটিশন ”ডেটাডেভেলপ প্রাইজ (ডিডিপি) ২০২৬ বিডি কেস কম্পিটিশন”-এর ‘টপ ২৪ ফাইনালিস্ট’ তালিকায় স্থান করে নিয়ে নিটারের প্রতিনিধিত্ব করছেন। দেশের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের মধ্যে বাছাই প্রক্রিয়া শেষে তিনি এই স্থান অর্জন করেন।

ডিডিপি হংকংভিত্তিক প্রতিষ্ঠান ‘ডেটাডেভেলপ কনসালটিং লিমিটেড’ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক শিক্ষার্থী কেস কম্পিটিশন, যার নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. হেনরি সু। বাংলাদেশে এই প্রতিযোগিতা পরিচালনা করছে অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ (গার্মেন্টটেকবিডি), যারা এ বছর নিটারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে পোশাক ও বস্ত্র সাপ্লাই চেইন খাতের বাস্তব সমস্যা সমাধানে ডেটাভিত্তিক সমাধান তৈরি করতে হয়।

টপ ২৪ ফাইনালিস্টরা সম্প্রতি ঢাকায় গার্মেন্টটেকবিডি কার্যালয়ে একটি ব্রিফিং ও প্রশিক্ষণ অধিবেশনে অংশ নেন, যেখানে প্রতিটি দলের জন্য মেন্টর নির্ধারণ করা হয়। প্রতিযোগিতার পরবর্তী ধাপ ‘জাতীয় পর্ব’, যা আগামী ৯ অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। বিজয়ী দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে।

নাফিস ইরামের এই অর্জন নিটারের শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানের পরিচিতি বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ