আশুলিয়া প্রতিনিধি :
আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন শ্রেণীর সার্টিফিকেটসহ ৮ টি স্কুল কক্ষ, শ্রমিক কলোনীর ২৩ টি কক্ষ, পাশে থাকা একটি দোকান এবং কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আশুলিয়ার জিরানী মাঝার রোড বটতলা এলাকায় আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
আগুনে ক্ষতিগ্রস্ত বকসি আদর্শ পাবলিক স্কুলের পরিচালক জহিরুল ইসলাম বকসি জানান, রাত সাড়ে ১০ টার দিকে স্কুলের পাশেই শাহাবুদ্দিন মাষ্টারের মালিকানাধীন সিএনজি গ্যারেজ থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন গ্যারেজের পাশের টিনসেডের শ্রমিক কলোনী, দোকানপাট ও তার স্কুলে ছড়িয়ে পড়ে।
আগুনে তার স্কুলের ৮ টি কক্ষ, ১৫ টি কম্পিউটার, পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, বইপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনীর মালিক শাহাবুদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম জানান, তাদের ১ টি সেমি পাকা ও ১৬ টি টিনসেড কক্ষ পুড়ে গেছে। সেই সাথে ভাড়াটিয়াদের কক্ষে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও টাকাসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। আনুমানিক তাদের ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
এদিকে, ইঞ্জিনিয়ার মতিউর রহমানের মালিকানাধীন ভাড়া দেয়া স্কুলের ৮ টি কক্ষ, দোকান ও অন্যান্য ভাড়াটিয়াদেরসহ মোট ১৫ টি কক্ষ পুড়ে যায়। যার মধ্যে একটি হোটেল, ইলেকট্রনিক ও ফার্নিচারের দোকান, মুদি দোকান এবং এসব কক্ষে থাকা সবকিছু পুড়ে গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে বলা যাবে। তবে সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবী।