আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

অস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতা, বিলুপ্ত করা হলো কমিটি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় সেই ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নিজের অবৈধ অস্ত্র গ্যারেজে রেখে চাচাকে ফাঁসানোর চেষ্টা করায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবিকে আটক করে র‌্যাব। এ খবর প্রকাশ হওয়ার পরপরই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটি বিলুপ্তির বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনীর।

সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিমুলিয়া ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবিকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম জানান, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে। রবিকেও বহিষ্কারের জন্য আমরা সুপারিশ করেছি। আশা করি দুই থেকে তিন কার্যদিবসের মধ্যে রবিউলকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেবেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

এর আগে সোমবার (১৪ জুন) রাত সাড়ে তিনটার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রনস্থল গ্রাম থেকে অস্ত্রসহ আটক করে র‌্যাব-৪। এসময় একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রবি চাচাকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যায় বলে দাবি চাচা নজরুল ইসলাম কাজীর।

আটক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবি একই এলাকার আবুল হাসানের ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ