আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

অবৈধ ভাবে মাটি কাটায় অভিযান: ট্রাক জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা

অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ও আটিগ্রাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের খবর পেয়ে মাটি বহনকারী ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করা হলেও প্রশাসনের তৎপরতায় তা আটক করা হয়। এ সময় দুটি ট্রাক জব্দ করে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

গত ৪ মার্চ রাত ২টায় পুটাইল ইউনিয়নের চর হিজলাইন এবং ৬ মার্চ রাত দেড়টায় আটিগ্রাম ইউনিয়নের কুড়িখোলা চক এলাকায় এই অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেজবাহ উল সাবেরিন।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।


ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক মালিক আব্দুর রশিদ (পুটাইল) ও সুজন মিয়া (ধামরাই)-কে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে তারা এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হন।

এ বিষয়ে ইউএনও শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, “জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার নির্দেশনায় আমরা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। কৃষিজমি ও পরিবেশ ধ্বংস করে এমন কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানের পুটাইল, হাটিপাড়া, কৃষ্ণপুর ইউনিয়নের মনপুরা সেতু সংলগ্ন ধলেশ্বরী নদী এলাকা এবং আটিগ্রাম ইউনিয়নের  ভগবানপুর, বিলকেষ্টি, কুড়িখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ