বোয়ালমারী প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বিএনপির সমালোচনা করে বলেন, তারা বলেছিলো জনগণ ভোট দিতে আসবে না। সবকিছু মিথ্যা পরিণত করে ৭ তারিখে জনগণ ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে পেরেছে। ওদের কথা ঠিক হয়নি। সামনে আরো নির্বাচন আছে। সেই নির্বাচনে আপনারা আসেন। সেই নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীরাই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী পাঁচবছর এই সরকার তার দ্বায়িত্ব পালন করে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাবিশ্বের সৎ তিনজন প্রধানমন্ত্রীর মধ্যে একজন।
আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় নিজের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী আব্দুর রহমান।
বোয়ালমারী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় পৌর বাস টার্মিনাল চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের সঞ্চালনায় এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, একমাত্র অর্থই এই সমাজের মানুষকে বন্দি করতে পারেনা। নিয়ন্ত্রণ করতে পারেনা। এই ফরিদপুর-১ আসনের সবচেয়ে বড় অর্থ লুন্ঠনকারী ৯২ কোটি টাকা খরচ করেও আপনাদের মাথা কিনতে পারে নাই। কোন অবৈধ দখলদার, লুটেরার স্থান এই ফরিদপুরে হবেনা। এই ফরিদপুরকে একটি শান্তির জায়গা করে যেতে চাই। আর এই তিন উপজেলাকে আমি উন্নয়নের এমন মহাসড়কে নিয়ে যাবো, যাতে আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখে।
তিনি বলেন, আমি প্রতিহিংসায় বিশ্বাস করিনা। যারা আমাকে ভোট দিতে পারেন নাই তাদের প্রতিও আমার কোন আক্ষেপ নাই। নির্বাচন পূর্ববর্তী যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে একটা কাতারবদ্ধ উন্নয়নের মহাযজ্ঞ আমি বাস্তবায়ন করতে চাই। তাই বলে আমার যেই কর্মীরা শীতের রাতে জেগে জেগে আমাকে ফোন বলেছে, আপনার জন্য কেন্দ্র পাহারা দিচ্ছি, তাদের কখনো ভুলবোনা।
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন শিকদার। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফ, বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী প্রমুখ। সভামঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গণসংবর্ধনাস্থলে পৌছালে পুলিশের একটি চৌকস দল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন।