অবশেষে আলোর মুখ দেখছে কালুরঘাট সেতুর নির্মাণ প্রকল্প। কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতু নির্মাণের জন্য পরামর্শক নিয়োগ করেছে দাতা সংস্থা কোরিয়ান এক্সিম ব্যাংক।
জানা যায়,পরবর্তী ছয় মাসের মধ্যে নতুনভাবে সেতুর সম্ভাব্যতা সমীক্ষা ও ডিটেইলড ডিজাইন সম্পন্ন করবেন তাঁরা।
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) মো. আহসান জাবির বিষয়টি নিশ্চিত করে বলেন,সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর জানা যাবে কত টাকা দাতা সংস্থা আমাদের দিতে পারে। আগামী ৮ ডিসেম্বর চট্টগ্রাম আমাদের সাথে ওদের বৈঠক হবে এর পর কালুরঘাট সেতু এলাকায় পরিদর্শন করবেন তারা।
আহসান জাবির বলেন, যেহেতু পরামর্শক নিয়োগ হয়েছে, সেহেতু কালুরঘাট সেতুর নির্মাণকাজ শীঘ্রই শুরু হবে বলে আশা করছি।
এর আগে গত ১৯ মে রেলপথ মন্ত্রণালয়ে কোরিয়ান দাতা সংস্থা ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে নতুন সেতুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে ইডিসিএফ। এরপর ছয় মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাই ও ডিটেইলড ডিজাইনের কাজ সম্পন্ন করার অনুরোধ করা হয়।