আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

অন্যের সম্পত্তি জবরদখল করে হয়রানি, থানায় অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
ফরিদগঞ্জের সাছিয়াখালির শাহ আলম মিজির বৈধ সম্পত্তি জোর জবরদখল করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। 
ঘটনার বিবরণ ও থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, সাছিয়াখালির শফিউল্যাহ মিজি (৬০), কাজল মিজি (৪৫), জহির হোসেন মিজি (৫৫), আনোয়ার হোসেন (৬৫), জাহানারা বেগম (৫২) সহ বিভিন্ন সময়ে তারা শাহ আলম মিজিকে হুমকি ধমকি দেয়। পরে একদিন তার পৈত্রিক সম্পত্তির (যার দাগ নং ৯০৭) উপরে কৌশলে বসতঘর নির্মাণ করে ফেলে।
পরে গত ২৩ অক্টোবর জমির বাকী অংশে থাকা অবশিষ্ট গাছপালা কেটে ক্ষতিসাধন করে এবং সেখান দিয়ে রাস্তা তৈরি করে। এসময় প্রতিবাদ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেনে শাহ আলম মিজি।
এ বিষয়ে একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তি শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, মাইনুল ইসলাম মানু, শাহআলম মাস্টার, আব্দুল কাদের পাটওয়ারী ও কামাল মিজিসহ একটি বৈঠকে বসে মাপ-জরিপ করে সম্পত্তির সমাধান করে দিয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে অভিযোগের বাদী শাহ আলম মিজি জানান, আমাকে ভয়ভীতি দেখিয়ে এবং গালিগালাজ করে শফিউল্যাহ মিজি গংরা জোরপূর্বক সম্পত্তি দখলে নিয়েছে। স্থানীয় শালিসদের সিদ্ধান্ত অমান্য করে তারা। কোনো উপায়ন্ত না পেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রতিপক্ষ দুষ্টু প্রকৃতির। তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা করে চলছে।
স্থানীয় শালিস আবুল কালাম আজাদ জানান, শাহ আলম গংরা শফিউল্যাহ গংদের থেকে ৩ শতক ৬ আনা সম্পত্তির প্রাপ্যতা রয়েছে। আমরা মাপ-জরিপ ও কাগজপত্র পর্যালোচনা করার পর দেখতে পেরেছি। তাই এ বিষয়টি বসে নিষ্পত্তি করা যেতে পারে। অন্যথায় উভয়পক্ষ হয়রানি ও মিথ্যা বানোয়াট মামলা দিয়ে পরস্পরকে হয়রানি করতে পারে। এতে উভয়পক্ষকেই বড় ধরনের ক্ষয়-ক্ষতির মুখে পড়তে হবে।
বিবাদীদের পক্ষে বিল্লাল হোসেন জানায়, বিষয়টি স্থানীয় শালিসরা নিষ্পত্তি করতে পারেনি। আমরা ক্রয়সূত্রে বৈধভাবে দখলে রয়েছি। আমাদের হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে এসআই আব্দুল কুদ্দুছ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে শান্ত থাকার কথা বলে এসেছি। আর বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সমাধানের কথা বললেও বিবাদী পক্ষ চেয়ারম্যানের কথা না মেনে জবরদখল নিয়ে চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্যা নিরসনের দায়িত্বে থাকা শালিস ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাছ জানান, কোনো পক্ষই শালিসদের সিদ্ধান্ত মেনে নেয়নি বিধায় সমস্যাটি নিরসন করতে পারিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ