আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

অধ্যক্ষ কাদির দেওয়ানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বয়ের বিরুদ্ধে কুরুচিপুর্ণ বক্তব্য প্রদানের কারণে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাদির দেওয়ানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়া, মুহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এসংক্রান্ত ‘শো-কজ’ নোটিশ দ্বারা ও বিষয়টি জানা গেছে।

অধ্যক্ষ কাদির দেওয়ানকে পাঠানো ওই কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর, ২০২১ইং তারিখে অধ্যক্ষ কাদির দেওয়ান আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান সাহেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।

যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। কাদির দেওয়ানের এমন বক্তব্য সংগঠনের শৃংখলা বিরোধী উল্লেখ করে ওই নোটিশে এহেন কর্মকান্ডের পক্ষে যুক্তি প্রমাণাদি আগামী সাত (০৭) কর্মদিবসের মধ্যে তাকে আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়কের নিকট জমা দেওয়ার জন্য জানানো হয়।

অন্যথায় কাদির দেওয়ানের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সংগঠনের নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।

তবে, এব্যাপারে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাদির দেওয়ানের মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি গত ১৯ অক্টোবর ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। তবে এই সম্মেলনে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাদির দেওয়ান উপস্থিত ছিলেন না।

বরং এই কমিটি গঠনের পর গণমাধ্যমের সামনে সদ্য গঠিত কমিটি নিয়ে নানান অভিযোগ করেন। পরে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তিনি তাঁর সমর্থিত লোকজন নিয়ে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।

এসময় তিনি গণমাধ্যমকে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান সাহেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানা আওয়ামী লীগ তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ