নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে আলামিন নামে এক অটোরিকশা চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে মাহফুজ নামের এক যুবক। এর আগে আলামিনের অটোরিক্সার সাথে মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
শুক্রবার(২৬ মার্চ) সকাল সাড়ে এগারটার দিকে ধামরাই পৌরসভার মাধববাড়ি ব্রীজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত আলামিন (২৩) ধামরাই পৌরসভার কায়েতপাড়া মহল্লার বজলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, আলামিনের আটোরিকশার সঙ্গে গোয়ারীপাড়া মহল্লার আল মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয় শুক্রবার সকালে। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে সকাল সাড়ে এগারটার দিকে মাধববাড়ি ব্রীজের দক্ষিণপাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে আলামিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন। তাঁর লাশ উদ্ধার করে পুলিশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান বলেন, অটোরিকসা ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় অটোরিক্সা চালক আলামিনকে ছুরিকাঘাতে হত্যা করে আল মাহফুজ। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।