নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ করেন যাত্রীরা।
সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাক শ্রমিক ও যাত্রীরা সড়ক অবরোধ করে রেখেছে ।
অবরোধকারীরা জানান, গতকাল সোমবার পোশাক কারখানা শ্রমিকদের শেষ কর্ম দিবস ছিল। সেকারণে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা অফিস শেষ করে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করে। সেই সুযোগে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি ও ন্যায্য ভাড়ায় ঘরমুখো মানুষ ফিরতে পারে সেই দাবি জানায়।
মুখলেস নামে এক যাত্রী জানান, ১৭ বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমি গ্রামের বাড়ি জামালপুরে যাবো। কিন্তু যেখানে ৩’শ টাকা ভাড়া। সেখানে এখন ১ হাজার টাকা ভাড়া চাচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে জানাই, যাতে সরকার এদিকে নজর দেন বলে জানান তিনি।
পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, পোশাক কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছে। কিন্তু ডাবল ভাড়া চাচ্ছে বাসের চালক হেলপাররা। আমি রাজশাহী যাবো আগে ৫’শ টাকা ভাড়া ছিল কিন্তু আজ ১ হাজার টাকার বেশি ভাড়া চাওয়া হচ্ছে। কিন্তু পোশাক শ্রমিকরা অতিরিক্ত ভাড়ার টাকা কোথায় পাবে। এতে ভোটারদের গ্রামের বাড়িতে ফিরতে ব্যাহত হতে পারে বলে জানান তিনি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, সড়কে অতিরিক্ত যাত্রীরা অবস্থান করছে। এতে যাত্রীর চাপ বেশি থাকায় সড়কে অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়টি জানা নেই বলে জানান তিনি।