আজ ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং

জাকসু ভিপি আবদুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে নির্বাচিত দশম সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। একইসঙ্গে ৫ হলের ভিপি এবং ৩ টি হলের জিএস ছাত্রদলে যোগদান করেছেন।

শুক্রবার রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
দীর্ঘ ৩৩ বছর পর গত বছরের ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুসহ যোগদানকৃত বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছিলেন। এর আগে জিতু শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য ও আল-বেরুনী হল ছাত্রলীগের সভাপতি পদঅপ্রত্যাশী ছিলেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে তিনি কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। অভ্যুত্থানের পর সমন্বয়ক থেকে পদত্যাগ করে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামক প্লাটফর্ম গড়ে তুলে সেটার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ  বিএনপিতে যোগদান করেছেন তিনি।

শুক্রবার  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি  রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রায়হান  তহিদুর রহমান আওয়ালসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দরা।

বিএনপিতে যোগদান পর্বটি সঞ্চালনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতা, ষড়যন্ত্র ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে এসব নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও ব্যালট পেপার জালিয়াতির ঘটনাও ঘটেছে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২১ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে সব ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রত্যাশিত ফলাফল হয়তো সব জায়গায় অর্জিত হয়নি, কিন্তু শিক্ষার্থীদের অধিকার রক্ষার এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমরা সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছি। আমরা বিশ্বাস করি, ছাত্রদল ঘুরে দাঁড়াবে এবং ভবিষ্যতের যেকোনো ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করবে।

নাছির উদ্দীন আরও বলেন, আজকের এই আয়োজনটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী  আব্দুর রশিদ জিতুর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করবেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরাও আজ ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।

স্বাগত বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি জনাব আব্দুর রশিদ জিতু বলেন, বাংলাদেশ বর্তমানে একটি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে ভিপি পদে নির্বাচিত হই। আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের চেতনাকে যে দল ধারণ করে সেই দলের সাথে ভবিষ্যতে রাজনীতি করার অঙ্গীকার করেছিলাম। আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে চারটি বিষয় উল্লেখ করেছি বিএনপি এই চেতনাগুলোকে ধারণ করে এবং একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বিএনপির কোনো বিকল্প নেই। বাংলাদেশপন্থী রাজনীতি এবং দেশের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম একমাত্র বিএনপির মাধ্যমেই সম্ভব।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশপন্থী রাজনীতি, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন—আজকের এই আয়োজনে আমি তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। তাদের আদর্শকে ধারণ করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব৷

হল সংসদের যারা যোগ দিলেন ছাত্রদলে:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্র সংসদের ভিপি ও জিএস ছাত্রদলে যোগদান করেছেন। এদের মধ্যে নবাব সলিমুল্লাহ হল সংসদের ভিপি ইবনে শিহাব, আল-বেরুনি হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের জিএম রায়হান কবীর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রিথী, মীর মশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ান নাজিম রিয়াদ, শহীদ রফিক-জব্বার হলের জিএস শরীফুল ইসলাম, আ ফ ম কামালউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) রিপন মণ্ডল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ