আজ ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ ইং

রাবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়–সংলগ্ন মেহেরচণ্ডি এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম জোবাইদা ইসলাম ইতি(২৩)। তিনি সমাজকর্ম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহীতেই।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দেন জোবাইদা ইসলাম ইতি। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, রাবির পার্শ্ববর্তী মেহেরচণ্ডি এলাকার একটি বাসা থেকে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবাইদা ইসলাম ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে রামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ