আজ ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক পুলিশ হেফাজতে

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃপেশ রায় (৪০) নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামসহ পুরো জেলায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত কৃপেশ রায় ওই গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিদের সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) অভিযুক্ত কৃপেশ রায়ের নিজস্ব ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে একটি অবমাননাকর ও কুরুচিপূর্ণ পোস্ট করা হয়। স্থানীয়দের দাবি, এই পোস্টের মাধ্যমে এলাকায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং স্থানীয় মুসলমানদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে অভিযুক্ত কৃপেশ রায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তার দাবি, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের তার আপন চাচাতো ভাই পন্টি রায় তাকে ফাঁসানোর উদ্দেশ্যে তার ফেসবুক আইডি ব্যবহার করে এই কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে। এই বিষয়ে আইনি সুরক্ষার জন্য সোমবার সকালে কৃপেশ রায় নিজে বাদী হয়ে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসী ও ক্ষুব্ধ মুসল্লিরা সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত কঠোর আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী জানান, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রামবাসীর সাথে বসে কথা বলেছি। যেন কেউ এই বিষয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এলাকাবাসীও এই বিষয়ে আমাদের সাথে একমত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, অভিযুক্ত কৃপেশ রায় দাবি করেছেন যে একটি চক্র তাকে ফাঁসানোর জন্য এই কর্মকাণ্ড চালিয়েছে। এ বিষয়ে তিনি সকালেই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ওসি আরও জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার আইডি হ্যাক হয়েছিল কি না বা অন্য কেউ এটি ব্যবহার করেছে কি না, আমরা তা গভীরভাবে যাচাই-বাছাই করছি। এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ