আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে বাপা’র উদ্যোগে বিশ্ব ধরিত্রী দিবস পালিত 

মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে । বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা আফজলিয়াপাড়া (মাতারবাড়ী নতুন রাস্তার মাথা) সিএনজি স্টেশন এলাকায় ফেস্টুন হাতে নিয়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সদস্য আলহাজ্ব মাওলানা মো. সাহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন মহেশখালী বাপা’র সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক । কর্মসূচিতে বক্তব্য রাখেন বাপা মহেশখালীর সদস্য মাষ্টার এমরান সরওয়ার, সদস্য জাহাঙ্গীর আলম, কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের, সাধারণ সম্পাদক ছফুর আলম, যুগ্ম সম্পাদক সরওয়ার কামাল, পরিবেশ কর্মী এম এ হান্নান এবং স্থানীয় সমাজসেবক ওসমান গনি ।
বক্তারা বলেন, অবিলম্বে পরিবেশ বিধ্বংসী দেশের সব কয়লা প্রকল্প বন্ধ করতে হবে, কয়লার গ্রাস থেকে পৃথিবীকে বাঁচাতে হবে। আমাদের পৃথিবী আমাদের ভবিষ্যৎ । কিন্তু আমরা মানুষ হয়ে জন্মগ্রহন করে আমাদের ভবিষ্যৎ আমরাই ধ্বংস করছি । প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে , এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত ।
পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে । এই পরিস্থিতি মোকাবিলায় এখনই সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে । উন্নয়ন প্রকল্পের নামে মহেশখালীতে কৃষিজমি নষ্ট করা হচ্ছে এটি অত্যান্ত দুঃখজনক বলে উদ্বেগ প্রকাশ করেন এবং কৃষিজমি নষ্ট না করার দাবীও জানান বক্তারা । এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বাপা’র নেতৃবৃন্দ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ