আজ ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং

স্টামফোর্ডের সাংবাদিকতা বিভাগের আয়োজনে জমজমাট ‘মেলা মিতালি

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম,

সেদিন ক্যাম্পাসটা ছিল একটু আলাদা। হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল হাসি, রঙ আর সহপাঠীদের কোলাহল। “ক্যাম্পাস জুড়ে আনন্দ খেলায়, আসুন সবাই মিতালি মেলায়” এই আহ্বানকে সামনে রেখে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী উদ্যোক্তা মেলা ‘মেলা মিতালি’, যা ক্যাম্পাসে আনন্দ, বন্ধুত্ব ও সৃজনশীলতাকে একত্রিত করে শিক্ষার্থীদের উদ্যোক্তা ভাবনা উদযাপনের একটি রঙিন আয়োজন।

সোমবার ( ২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের তেঁতুলতলা গার্ডেন ধীরে ধীরে রূপ নেয় এক জীবন্ত উৎসব প্রাঙ্গণে। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের (জেআরএন) ৮৩ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মেলা ক্লাসরুমের পাঠকে ছাপিয়ে এনে দেয় বাস্তব জীবনের অভিজ্ঞতা, যেখানে শেখা আর স্বপ্ন হাত ধরাধরি করে হাঁটে।

মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান, রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সামিয়া আসাদী, শবনম জান্নাত, প্রভাষক সোহেল হোসেন, ফরিশতা সিদ্দিকী, ফারিয়া জাহান এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রদীপ্ত মোবারক। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা মেলায় উপস্থিত ছিলেন।

‘মেলা মিতালি’তে মোট ৫টি স্টল অংশ নেয়, প্রতিটি স্টলই ছিল ভিন্ন ভিন্ন ভাবনা ও সৃজনশীলতার প্রতিফলন। এর মধ্যে ‘টাঁলক’ ছিল একটি হ্যান্ডিক্রাফটস স্টল। এখানে মাটি, কাঠ ও সুতার মতো প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হাতে বানানো জুয়েলারি, সুতার কারুশিল্প, কাস্টমাইজড আনুষাঙ্গিক সামগ্রী, শৌখিন ক্যানভাস, সরা, ছাতা ও সানগ্লাস প্রদর্শন ও বিক্রি করা হয়। স্টলটি সৃজনশীলতার পাশাপাশি পরিবেশগত সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করে।
‘অলকানন্দা’ স্টলে ছিল নারীদের দেশীয় পোশাকের সমাহার। শাড়ি, থ্রিপিস, হাতে আঁকা শাড়ি ও টপের পাশাপাশি ছিল ম্যাচিং এমিটেশন জুয়েলারি। ঐতিহ্যবাহী কারুশিল্প ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধনে স্টলটি দর্শনার্থীদের মধ্যে আলাদা আগ্রহ সৃষ্টি করে।
পরিবেশবান্ধব ভাবনাকে সামনে রেখে ছিল একটি ডিক্লাটার স্টল। এখানে পুনঃব্যবহার ও রিসাইক্লিংয়ের মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহারের বার্তা তুলে ধরা হয়, যা মেলার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে
খাবারের জন্য ছিল ভিন্নধর্মী দুটি স্টল।
‘কিচেন কর্নার’ স্টলে ঝালমুড়ি, পুডিং, সিঙারা, রোল, ডিমের চপ, সসেজ স্যুপ ও স্যান্ডউইচসহ বিভিন্ন ফাস্টফুড পরিবেশন করা হয়। দিনভর ক্রেতাদের ভিড় শিক্ষার্থীদের পণ্যের চাহিদা ও মূল্য নির্ধারণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেয়। অপরদিকে ‘হাটবাজার’ স্টলটি গ্রামীণ খাদ্য সংস্কৃতির স্বাদ তুলে ধরে। ঐতিহ্যবাহী ভর্তা স্টাইলে পরিবেশিত পেয়ারা, আনারস ও বড়ই দর্শনার্থীদের বিশেষ সাড়া পায়। স্থানীয় ফল ও দেশীয় স্বাদকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ প্রশংসিত হয়।

মেলাটির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল এর সাজসজ্জা। পুরো আয়োজনটি সিসিমপুর থিমে সাজানো হয়, যা রঙিন ও বন্ধুত্বপূর্ণ আবহ তৈরি করে। থিমটি বিশেষ করে তরুণ শিক্ষার্থী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উল্লেখ্য, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের অর্থনীতি ও উন্নয়ন বিষয়াবলি কোর্সের অংশ হিসেবে সহকারী অধ্যাপক তানিয়া সুলতানার তত্ত্বাবধানে প্রতিবছরই এ ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা মানসিকতা, দলগত কাজ এবং বাস্তব বাজার ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। সকাল ১১টা থেকে শুরু হওয়া ‘মেলা মিতালি’ শিক্ষার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকেল ৫টায় সমাপ্ত হয়। মেলা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের শিক্ষাভিত্তিক ও সময়োপযোগী আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ