আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে পেকুয়া উপজেলার উজানটিয়া ডউয়াখালীর পশ্চিমে খরিয়ারদিয়া মৌজায় প্যারাবন কেটে অবৈধ ভাবে কোহেলিয়া নদীর চর দখল করে নির্মাণ করা হচ্ছে চিংড়ী ঘের।
অভিযোগ উঠেছে পেকুয়া উপজেলার মগনামা , ছনুয়া রেঞ্জের উজানটিয়া বিট কর্মকর্তা এবং মাতারবাড়ী বিট কর্মকর্তা মিলে মাসোহারা নেওয়ার কারণে সরকারী বনের বাইন গাছ নিধন করে চিংড়ি ঘের নির্মাণ করার প্রতিযোগিতায় নেমেছে ।
জানাগেছে, পেকুয়া উপজেলার মগনামা রেঞ্জের আওতাধীন উজানটিয়া বনবিটের অধীনস্থ মহেশখালী- মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে সৃজিত প্যারাবনের বড় বড় বাইন গাছ কেটে চলছে চিংড়ী ঘের নির্মাণের হিড়িক । নদী চর দখরকারীরা প্রথমে ছোট ছোট বাঁধ দিয়ে ঘের নির্মাণ করে।
নদীর চরে থাকা প্রচুর বাইন গাছ কেটে উজাড় করে নির্মাণ করা হচ্ছে এসব চিংড়ী ঘের । প্যারাবনটি মাতারবাড়ী বন বিট অফিসের মাত্র ৪’শ গজের মধ্যে থাকলেও নজরদারী নেই বন কর্মকর্তারদের ।
পরিবেশকর্মী ও সাংবাদিকদের চাপের মুখে মাঝে মাঝে চলে উপকূলীয় বন বিভাগের লোক দেখানো অভিযান । তবুও থেমে নেই ভুমিদস্যু আব্বাছ গংদের দখল বাণিজ্য । বিভিন্ন সময় বন বিভাগ অভিযানে গিয়ে শুধু মাত্র একটি অংশের বাঁধ কেটে দিয়ে ফটো সেশন করে চলে আসে বন কর্মীরা ।
সকালে বাঁধ কেটে দিয়ে চলে আসলে বিকালে ভুমিদস্যু আব্বাছ গং অস্ত্রসহ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ফের বাঁধ নির্মাণ করে দখলে নেয় প্যারাবন । অভিযোগ উঠেছে, স্থানীয় বিট কর্মকর্তারা নদী চর দখলকারীর কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে এসব দেখেও যেন না দেখার ভান করেন ।
উপকূলীয় বন কর্মকর্তাদের যোগসাজশেই দখল করেছে নদীর চর আর নির্বিচারে কাটা হচ্ছে প্যারাবন । স্থানীয়দের অভিযোগ , মগনামা, উজানটিয়া ও মাতারবাড়ী বিট কর্মকর্তাদের যোগসাজশে কোহেলিয়া নদীর চর দখল করে এবং প্যারাবন নিধন করে নির্মাণ করা হচ্ছে চিংড়ী ঘের ।
ভুমিদস্যুরা প্যারাবন কেটে সেখানে তারা ছোট টংঘর তৈরি করে অবৈধ অস্ত্র নিয়ে পাহারা দেয় বলেও জানান স্থানীয়রা । কোহেলিয়া নদীর চর দখলকারী মাতারবাড়ী খন্দারবিল পুর্ব পাড়ার আব্বাছ উদ্দিনের নেতৃত্বে স্থানীয় মাতারবাড়ীর ৭/৮ জনের একটি ভূমিদস্যু সিন্ডিকেট কোহেলিয়া নদীর প্রায় দুই শত একর প্যারাবন দখল করে চিংড়ী ঘের তৈরি করেছে ।
অভিযুক্ত ভূমিদস্যু আব্বাছ উদ্দিন নদীর চর দখলের বিষয়টি স্বীকার করে বলেন , চার বছর আগে উপকূলীয় বন বিভাগ কর্তৃক সৃজিত বাইন গাছ পাহারা দেওয়ার জন্য দখল করে রেখেছে এ বিশাল প্যারাবনটি । আব্বাছ জানান আমি মগনামা রেঞ্জ এবং মাতারবাড়ী বিট কর্মকর্তাদের অনুমতি নিয়ে বাঁধ নির্মাণ করেছি ।
প্যারাবন দখল করার দায়ে তার বিরুদ্ধে একটি বন মামলাও রয়েছে । বন মামলা থাকা সত্বেও কি ভাবে দীর্ঘদির ধরে প্যারাবন কেটে অবৈধ ভাবে নদীর চর দখল করতে পারে এমনটি প্রশ্ন সাধারণ জনগনের ।
মুলত মাতারবাড়ী ও পেকুয়া উপকূলীয় বন কর্মকর্তাদের যোগসাজশে প্যারাবন নিধন করে নদীর চর দখলের সাহস পাচ্ছে বলে জানান স্থানীয়রা । অবিলম্বে ভুমিদস্যু আব্বাছের দখলে থাকা প্যারাবন ও নদীর চর উদ্ধারের দাবী জানান পরিবেশকর্মী ও স্থানীয়রা ।
পেকুয়া উপজেলার মগনামা বিটের সহকারী রেঞ্জ কর্মকর্তা আবছার থেকে জানতে চাইলে তিনি বলেন , খরিয়ারদিয়া মৌজার প্যারাবনটি পাহারা দেয়ার জন্য মাতারবাড়ীর আব্বাছকে নিয়োগ দেয়া হয়েছে ।
সেখানে তিনি বাঁধ দিয়ে ঘের নির্মাণের বিষয়টি আমাদের জানা নেই । আব্বাছের বিরুদ্ধে নদী দখল ও প্যারাবন কাটার অপরাধে বন বিভাগের মামলা রয়েছে , একজন বন মামলার আসামীকে কিভাবে প্যারাবন পাহারাদার নিয়োগ দিয়েছেন এমনটি জানতে চাইলে সহকারী রেঞ্জ কর্মকর্তা আবছার তা কোন সদুত্তর দিতে পারেনি ।
দখলকৃত প্যারাবন ও নদীর চর উদ্ধার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা কোন একদিন সময় করে দেখতে যাব । নদী ও প্যারাবন নিধনের অপরাধে পেকুয়া উপকূলীয় বনবিভাগ ভুমিদস্যু আব্বাছের বিরুদ্ধে দুই বছর আগে একটি মামলাও করেছে । এখন এই বন মামলার আসামীকেই বানিয়েছেন বনের পাহারাদার ।
এই সুযোগে আব্বাছ গং আরো বেপরোয়া হয়ে বিশাল নদীর চর ও প্যারাবন দখল করে রেখেছে । বন মামলার আসামী কিভাবে বনের পাহারাদার হয় এমন প্রশ্ন সচেতন মহলের ।