অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাইকারী সবজির আড়তে কৃষকদের উৎপাদিত সবজি বিক্রি ও পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জুয়েলসহ তার অনুসারিদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
পতিত স্বৈরাচার সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন সবজির পাইকারী আড়ত ছাড়া অন্য কোথাও কৃষকেরা সবজি বিক্রি করতে চাইলেই বাধা সম্মুখীনসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন প্রান্তিক কৃষকেরা।
এ বিষয়ে কৃষক ও গোলড়া-কামতা বহুমুখী কাঁচামালের আড়তের পক্ষ থেকে মানিকগঞ্জ পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। নিরাপদে পাইকারী বাজারে কৃষকরা যাতে স্বাধীনভাবে তাঁদের উৎপাদিত সবজি ন্যায্য দামে বিক্রি করতে পারে এমন পরিবেশ তৈরি জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেন কৃষক ও পাইকারী ব্যবসায়ীরা।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে তিনটার দিকে সাটুরিয়া উপজেলার জান্না এলাকায় গিয়ে দেখা যায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মালিকানাধীন পাইকারী সবজির বাজারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত শীতকালীন সবজি বিক্রির জন্য নিয়ে আসছে।
আবার অনেক কৃষককে দেখা গেছে, ভ্যানভর্তি বিভিন্নধরনের সবজি বিক্রির জন্য গোলড়া-কামতা বহুমুখী কাঁচামালের আড়তে নিয়ে যাচ্ছে।
ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে, যেসব কৃষকরা ভ্যানে করে শীতকালীন বিভিন্ন সবজি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আড়তে না নিয়ে অন্য আড়তে নিয়ে যেতে চাইলে তাঁদের সবজিভর্তি ভ্যানগুলোর গতিরোধ করছে ধানকোড়া ইউপি বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জুয়েলের ভাতিজা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সবুজ হোসেন ও তার অনুসারীরা।
এ সময় কৃষকদের অন্য কোন আড়তে সবজি বিক্রি না করতে বলে তাদের পরিবহন ঘুরিয়ে দেয়া হচ্ছে। পরে কৃষকরা বাধ্য হয়েই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মালিকানাধীন আড়তে নিয়ে যাচ্ছে।
তবে এ দুটি আড়ত থেকেই প্রতিদিন টাটকা বিভিন্নধরনে সবজি রাজধানীর কারওয়ান বাজার, শ্যামবাজার, মিরপুর, মোহাম্মদপুর, সাভার, আশুলিয়া, ধামরাইসহ বিভিন্ন বাজারে সরবরাহ হয়ে থাকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মালীকানাধীন সবজির আড়তে কৃষকরা সবজির ন্যায্য মূল্য না পাওয়া এবং যাতায়াতে সুবিধার্থে গোলড়া এলাকায় নতুন আড়ত করা হয়েছে।
এতে ওই আড়তের কৃষকের সংখ্যা দিন দিন কমতে থাকায় ধানকোড়া ইউপি বিএনপির সভাপতি তার অনুসারি দিয়ে কৃষকদের নানাভাবে হয়রানি করাসহ সবজি বিক্রিতে পথে পথে বাধা দেওয়াচ্ছেন।
কৃষকদের বাধ্য করা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আড়তে সবজি বিক্রির জন্য। এতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। একই সাথে স্থানীয় পাইকার ব্যবসায়ীরাও কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে প্রান্তিক কৃষক ও পাইকারী ব্যবসায়ীদের লোকসান হচ্ছে এবং কৃষিপণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে।
সাটুরিয়ার ফুকুরহাটি ইউনিয়নের আইড়মারা গ্রামের কৃষক মোঃ আরশেদ আলী এশিয়ান টিভিকে বলেন, আমাদের পরিচিত পাইকার ব্যবসায়ী আছে। তার কাছেই সারাবছর সবজি বিক্রি করি। গোলড়া এলাকায় নতুন আড়তে সবিজ মালামাল নিয়ে আসার পথে স্থানীয় রাজ্জাকসহ তার কয়েকজন ভাই মিলে আমাদের সবজিভর্তি অটোবাইকটির গতিরোধ করে।
পরে আমাদের গালাগালও করেছে, বলে এতো দিন এই বাজারে মাল বিক্রি করছো, এখন আবার ওই আড়তে মাল নিতাছো কেন। মাল নিয়া ফিরা যাও।
তিনি আরও বলেন, তাদের অনেক অনুরোধ করে বলেছি নতুন আড়তে আমাদের পরিচিতি ব্যাপারিরা আমাকে ফোন করে মাল নিয়ে যেতে বলেছে। তারপরও আমাদের আসতেই দিলো না, প্রায় দেড় ঘন্টা সেখানে আটকে রাখছে।
আমরা কৃষকরা মানুষ, যে কোনো আড়তে আমাদের কৃষিপণ্য বিক্রি করার অধিকার আছে। প্রশাসনের দৃষ্টি কামনা করে তিনি বলেন, আমরা যাতে নিরাপদে জেলার সবগুলো পাইকারী আড়তেই কৃষিপণ্য বিক্রি করতে পারি। কেউ যাতে আমাদের সবজি বিক্রিতে বাধা দিতে না পারে, এটাই আমাদের দাবি।
সদর উপজেলার গড়পাড়া ইউপির বাঙ্গালা গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, আমরা কৃষক মানুষ, কৃষি কাজ করে খাই। পতিত সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আড়তের সামনে দিয়ে কৃষিমাল নিয়ে গোলড়া নতুন আড়তে আসতে গেলেই আমাদের বাধা দেয়। স্বাস্থ্যমন্ত্রীর লোকজন আমাদের নানাভাবে হয়রানি করে।
পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ঘুরে এই গোলড়া নতুন আড়তে মাল নিয়া আসতে হয়। মন্ত্রীর আড়তে সবজি দাম কম পাই, আর নতুন আড়ত এর যোগাযোগ ব্যাবস্থা ভালো হওয়ায় সবজির দামটা ভালো পাই।
যে আড়তে দাম ভালো পাব, আমরা সেখানেই কৃষিমাল বিক্রি করবো। এটা আমাদের অধিকার। ওই আড়ত থেকে নতুন আড়তে প্রতিমণে ১৫০ টা বেশিতে কৃষিপণ্য বিক্রি করতে পারি।
গোলড়া এলাকার পাইকার ব্যবসায়ী আবদুল জলিল দুটি আড়তের মধ্যকার পার্থক্য তুলে ধরে বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাজারটি মহাসড়ক থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় আমাদের যাতায়াতে সমস্যা হয়। অনেক সময় গাড়িও পাওয়া যায় না। বেশকিছু রাস্তা ফাঁকা থাকায় ডাকাতি ঘটনাও ঘটে। কারণ আমাদের কাছে দুই-চার লাখ টাকা থাকে।
গত ১৫ দিনে ওই আড়তে যাওয়ার রাস্তায় দুইবার ডাকাতি হয়েছে। আর এই নতুন আড়তটি মহাসড়কের কাছাকাছি হওয়ায় এই ঝুকি নাই। এখান থেকে কৃষিপণ্য কিনে সহজেই ঢাকায় পরিবহন করা যায়। তারা(মন্ত্রীর আড়তের লোকজন) কৃষকদের মাল নিয়ে আড়তে আসতে দেয় নাই। লোকজন নিয়ে এসে নানাভাবে হুমকি দিচ্ছে।
গোলড়া-কামতা বহুমুখী আড়তে উদ্যোক্তা শরিফুল হক রতন বলেন, আমরা চাষিদের কথা চিন্তা করে এই নতুন কাঁচামালের আড়ত দিয়েছি। ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকা সড়ক বিভাজন হওয়ার কারণে কৃষক ভাইদের অনেক কষ্ট হয় অন্য আড়তে কৃষিমাল পরিবহন করতে।
কৃষকরা নতুন আড়তে বিভিন্নধরনের সবজি ভালো দামও পাচ্ছেন এবং পরিবহন সুবিধাও ভালো। মহাসড়কের পাশে হওয়াতে পাইকার ব্যবসায়ীরাও এখানে থেকে কৃষিপণ্য ক্রয় করতে বেশ আগ্রহ দেখাচ্ছে।
তিনি আরও বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন কৃষিবাজার পল্লীহাটকে সচল রাখতে এবং পতিত সরকারের পুনঃবাসনে করতে কতিপয় ব্যক্তি এবং ধানকোড়া ইউপি বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েলসহ তার অনুসারিরা কাজ করে যাচ্ছেন।
তারা নতুন কৃষি আড়তে কৃষকদের আসতে বাধা দিচ্ছে, তাদের কারণে কৃষকরা কৃষিপণ্যগুলো এখানে আনতে পারছেন না। ওই বাজারে কৃষকরা সবজির ন্যায্য দাম পান বলে আমরা শুনেছি। ফলে কৃষকরা বাধ্য হয়েই কম দামে তাদের কৃষিপণ্য বিক্রি করছেন।
অভিযোগ অস্বীকার করে ধানকোড়া ইউপি বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েল বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমি বা আমার কোন লোকজন কৃষকদের সবজি বিক্রিতে বাধা দিচ্ছে না। আমরা সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মালিকানাধীন আড়তে চাঁদাবাজি বন্ধ করেছি।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে সুবিধা নিয়ে আড়তটি সচল রাখার জন্য কাজ করছেন? এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের সাথে আমার কোনো যোগাযোগই নাই, কোনো কথাই হয় নাই। মন্ত্রী মহোদয়ের ওখানের কারো সাথে আমার কখনো কথাই হয় নাই। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
উল্টো অভিযোগ করে তিনি বলেন, গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এক সময় সবজি আড়ত আমাদের ছিল। পরে সেটি মন্ত্রীর (জাহিদ মালেক) লোকজন জোড় করে জান্না এলাকায় নিয়ে যায়।
গত ৫ আগস্ট পতিত সরকারের পতনের পর আবারও মহাসড়কের পাশে আড়ত বসানো চেষ্টা করা হয়। পরে আমি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন লিখিতভাবে অবগত করেছি।
তারা বিএনপির অন্যপক্ষ মানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতা ভাইয়ের লোকজন। তারাই এই নতুন আড়ত দিয়েছে এবং তারাই কৃষকদের জোড় করে টানাটানি করে নতুন আড়তে যাওয়ার জন্য বলছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে আড়ত দুটি পাশাপাশি। কৃষকেরা যে কোনো আড়তে তাদের কৃষিপণ্য বিক্রি করবে, এটা তাদের ইচ্ছা। এখানে কেউ তাদের সবজি বিক্রিতে বাধা দেওয়া বা হয়রানি করার কোনো সুযোগ নেই বলে তিনি জানান।