নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা সমিতি, রাজশাহী’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা ‘স্মৃতিতে মতিহার’ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান।
মিলনমেলায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী আড্ডা, পরিচয় পর্ব, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন।
আয়োজকরা জানান, নড়াইলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মিলনমেলাটি অংশগ্রহণকারীদের কাছে এক আনন্দঘন ও স্মরণীয় দিনে পরিণত হয়।