সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের নাজিরারটেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের সরদার মোঃ মঞ্জুর আলম মঞ্জুসহ সাতজন সদস্যকে আটক করেছে র্যাব-১৫।
এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১.৩০ টার দিকে র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ.এম সাজ্জাদ হোসেন।
এসময় তিনি জানান গতরাত ১০ টার দিকে গোপন সংবাদে জানতে পারে শহরের নাজিরারটেকের মোস্তাক বাজারে ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ১০-১২ জন জলদস্যু দলের সদস্যরা অবস্থান করছে।
সাথে সাথে র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে ডাকাতদলের সর্দার মঞ্জুসহ সাতজনকে আটক করতে সক্ষম হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানে ৩টি দেশীয় তৈরী বন্দুক,৪ রাউন্ড কার্তুজ,৩ রাউন্ড এ্যামুনিশন,০২টি কিরিচ, ০২টি সুইচ গিয়ার চাকু, ০২টি টর্চ লাইট এবং ০৭টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতদলের সদস্যরা হলেন মহেশখালী কুতুবজোনের মৃত বাহাদুর মিয়ার ছেলে মোঃ মঞ্জুর আলম (৩৮), কুতুবদিয়া ইয়ার মোহাম্মদের ছেলে মোহাম্মদ রাশেদ(২৭),মৃত সামছুল আলমের ছেলে মকছুদ আলম(৩২),
পেকুয়ার ছৈয়দুল করিমের ছেলে মোঃ তোফায়েল(২১),চকরিয়া মোঃ বদিউল আলমের ছেলে মোঃ দীদার (৩০),চট্টগ্রামের বাঁশখালীর মোঃ আবু তাহেরের ছেলে মোঃ বাহার উদ্দিন বাহার (৩২),হাটহাজারীর মৃত ইছহাকের ছেলে ইকবাল হোসেন(৩৫)।
এসময় র্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানান জলদস্যু সর্দার মঞ্জুরের বিরুদ্ধে ইতোমধ্যে ৯টি মামলা রয়েছে। আটককৃত ডাকাতদলের সদস্যরা ৮-৯ বছর ধরে সর্দার মঞ্জুর নেতৃত্বে সাগরে ডাকাতি,ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
তারা প্রতি ১-২ সপ্তাহ পরপর নদী ও সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের অস্ত্র-শস্ত্রের ভীতি প্রদর্শনসহ ট্রলারে ডাকাতি করে থাকে।
বেশিরভাগ ক্ষেত্রে ডাকাত সর্দার মঞ্জু সরাসরি সমুদ্রে না গিয়েও ডাকাতির কাজে নেতৃত্ব দিয়ে থাকে এবং তার পরিকল্পনা মোতাবেক ট্রলারে ডাকাতির ঘটনাগুলো সংঘঠিত হয়। তার অনুপস্থিতিতে চক্রের ২য় কমান্ড হিসেবে ডাকাত মাহাবুর ডাকাত দলটির নেতৃত্ব দিয়ে থাকে বলে জানা যায়।