আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে খাস জমি দখল

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়নে সরকারী চর দখলের মহোৎসব চলছে। কোটি টাকা মূল্যের প্রায় ২ একরের বেশী জমি সরকারি খাস খতিয়ান ভুক্ত আরবশাহ নদীর জেগে উঠা চর ওয়ার্ড আওয়ামীলীগ নেতার শেল্টারে দখল করছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু।

এতে করে দখলবাজ চক্র ও স্থানীয় জনসাধারণের মধ্যে চরম দ্বন্ধের সুত্রপাত হয়েছে। এই দখল বেদখলকে কেন্দ্র করে লবণ চাষী ও দখলবাজ চক্রের ভাড়াটে দুবৃর্ত্তদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। ইতিমধ্যেই চরের জায়গা দখল ও বেদখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষ মুখোমুখি হয়েছে কয়েকবার।

স্থানীয়রা শংকা প্রকাশ করছেন এর সুত্র ধরে রাজাখালীতে দুটি পক্ষের মধ্যে মারপিটসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে। গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়ায় প্রায় ২ একর সরকারী জায়গায় জবর দখল করে রাতেই দুইটি ঘর নির্মাণ করছেন রাজাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু।

তাঁর ছোট ভাই ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ইউপি সদস্য নেজাম উদ্দীন নেজু তাকে শেল্টার দিচ্ছেন।

স্থানীয়রা জানান, জায়গাটি সরকারী সম্পত্তি। ডেপুটি কমিশন (ভূমি) নিয়ন্ত্রণাধীন এ জায়গা সরকারের ১নং খাস খতিয়ানভূক্ত সম্পত্তি। গত ২ মাস আগে পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা ও সহকারী কমিশন (ভূমি)সহ একটি টীম ওই স্থান পরিদর্শন করেছেন।

সরকার প্রান্তিক জনগোষ্টীকে আশ্রয়ন সুবিধা নিশ্চিত করেছেন। মুজিব বর্ষের উপহার হিসেবে মিয়াপাড়া পয়েন্টে রাজাখালীতে সেখানে মুজিব বর্ষের জন্য ঘর নির্মিত হয়েছে। সরকারী মালিকানাধীন জমিতে ঘরগুলি নির্মাণ করা হয়। মুজিব বর্ষের ঘর বরাদ্দের সময় এর আগে জায়গা চিহ্নিত করা হয়। মিয়াপাড়া পয়েন্টে সরকারী ১ নং খাস খতিয়ানভূক্ত জায়গা চিহ্নিত করা হয়।

২ মাস আগে ওই জায়গায় প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয় জায়গাটি জনস্বার্থে ব্যবহৃত হবে। সেখানে টাঙ্গানো হয় লাল পতাকা। চরের বিস্তীর্ণ এলাকায় পুঁতে দেওয়া হয় লাল রং সম্বলিত কাপড় দিয়ে পতাকা। ওই অংশে সরকারী ঘর নির্মাণকাজ বাস্তবায়ন কাজ চলছে।

তবে অভিযোগ উঠেছে, লাল পতাকাসহ সরকারের নিয়ন্ত্রণ নেওয়া জায়গা থেকে প্রায় ২ একর জমি বিএনপি নেতা আবুল বশর বাবু দখলে নিচ্ছেন। গত ১৫ দিন আগে থেকে সেখানে মাটি ভরাট কাজ চলমান আছে। ভরাটকৃত অংশে পাউবোর একটি স্লুইচ গেইটও রয়েছে। স্লুইট গেইটের দুই প্রান্ত পূর্ব ও পশ্চিম অংশে চলছে মাটি ভরাটের কাজ।

স্থানীয়রা জানান, চর দখলের মহোৎসব চলছে রাজাখালীর মিয়াপাড়া পয়েন্টে। বিএনপি নেতা আবুল বশর তার ভাই স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু এদের চাচাতো ভাই শফিউল আলম, ওসমানসহ একটি সিন্ডিকেট সরকারী জায়গা কুক্ষিগত করতে ঐক্যমতে পৌছেছেন।

এদিকে জানা গেছে, তারা ওই জায়গা নিজদের নিয়ন্ত্রণ প্রতিষ্টা করতে সেখানে স্কেভেটর দিয়ে মাটি ভরাট করে রাখছেন। মাটি ভরাটসহ সেখানে বাঁশের টেংরার ঘেরাও দিয়ে ফেলেছে। সেখানে রাতে রাতে বাঁশের ছালা টিনের ছাউনিতে ওই ঘরটি মূলত জায়গাটি জবর দখলের কৌশল হিসেবে দেখা হচ্ছে। জায়গাটির পূর্ব পাশে মুজিব বর্ষের বাড়ি নির্মাণকাজ চলমান আছে। এখন মুজিব বর্ষের ঘরের প্রায় ৫০% কাজ সমাপ্তি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও জায়গাটি জবর দখলে জড়িত আবুল বশর বাবু তাঁর নেজাম উদ্দীন নেজুকে না পেয়ে মুঠো ফোনে যোগাযোগ করে ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা বলেন, আমরা দেখে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করব।

এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহেদ ইকবাল জানান, বিষয়টি আমি দেখবো। দ্রত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ